ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির চাপে  শেয়ারবাজারে বড় পতন

২০২৬ এপ্রিল ০৫ ১৪:৩১:৪৩
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির চাপে  শেয়ারবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে জ্বালানি খাতে অনিশ্চয়তার কারণে দেশের শিল্পখাতসহ বিভিন্ন অর্থনৈতিক খাত চাপের মুখে পড়েছে। এর প্রভাব থেকে রেহাই পায়নি দেশের শেয়ারবাজারও। চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে বাজারে স্থিতিশীলতা ফিরে আসছে না। চলতি সপ্তাহে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেনে বড় ধরনের পতন দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এই সংকট কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তারা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১২.২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৮.৪৭ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৪১.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.০২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৫.৩৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩৯০টি প্রতিষ্ঠান। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২৫টির, বিপরীতে কমেছে ৩৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার দর।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৫১১ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের দিনের ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার তুলনায় প্রায় ১১৪ কোটি টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৯ কোটি ৭ লাখ শেয়ার ও ইউনিট।

সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৭.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৪.৪২ পয়েন্টে, যেখানে আগের দিন সূচক কমেছিল ৮৩.৩৬ পয়েন্ট।

বৈশ্বিক অস্থিরতার এই প্রভাব কাটিয়ে উঠতে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে