ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

‘মৃত্যু সংবাদে’ বিব্রত কবি দিলারা হাফিজ

২০২৬ মার্চ ২৮ ২৩:৩৩:৫৭
‘মৃত্যু সংবাদে’ বিব্রত কবি দিলারা হাফিজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুর খবরে কিছু গণমাধ্যম ভুলবশত অন্য এক দিলারা হাফিজের ছবি ব্যবহার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে বিব্রত হয়েছেন কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ।

ঘটনাটি নিয়ে আজ বিকেল ৫টা ২৮ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। সেখানে জানান, তার মৃত্যুর গুজব শহরজুড়ে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মেসেঞ্জার ও ফোনে যোগাযোগ করে বিষয়টির সত্যতা জানতে চাইছেন।

পোস্টে তিনি লেখেন, পরিচিতজনরা উদ্বেগ নিয়ে জানতে চাচ্ছেন—সংবাদটি সত্য কি না। জবাবে তিনি তাদের আশ্বস্ত করে বলেন, “মৃত্যুর সংবাদে আয়ু বাড়ে। আমি আল্লাহর রহমতে ভালো আছি।”

একই নাম থাকার কারণে ভুলবশত অন্য দিলারা হাফিজের স্থলে তার ছবি ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে মিরপুর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে তিনি আরও জানান, একটি গ্রুপে তার অধ্যক্ষের চেয়ারে বসা একটি ছবি দিয়ে শোকবার্তা প্রচার করা হয়েছে, যা দেখে তার অসংখ্য শিক্ষার্থী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের আশ্বস্ত করতেই তিনি এ পোস্ট দেন।

পোস্টের শেষাংশে তিনি প্রয়াত অধ্যক্ষ দিলারা হাফিজের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইডেন কলেজে দায়িত্ব পালনকালে ওই অধ্যক্ষের সঙ্গে তার পরিচয় ছিল এবং একই নামের কারণে বিভ্রান্তির ঘটনা আগেও ঘটেছে।

উল্লেখ্য, একজন দিলারা হাফিজ কবি ও শিক্ষাবিদ, যার স্বামী প্রখ্যাত কবি রফিক আজাদ। অন্যদিকে প্রয়াত দিলারা হাফিজ ছিলেন ইতিহাসবিদ, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ ও মাউশির সাবেক মহাপরিচালক, যিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে