ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

২০২৬ মার্চ ২৮ ২২:৪৩:২৬
অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকার তেলের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত ভর্তুকি দিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে এর প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব অনিয়ম বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান পরিচালনা এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা না হলেও আগামী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনসহ বিভিন্ন বিলের ওপর ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে।

দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন বলেও বৈঠকে জানানো হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে