ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

পূর্বাচলে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি

২০২৬ মার্চ ২৭ ১৫:৩৩:২৪
পূর্বাচলে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে শুক্রবার (২৭ মার্চ) সকালে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়ক সংলগ্ন চারটি প্লটে অভিযান চালিয়ে ১২টি জবাই করা ঘোড়া, ২৫টি জীবিত ঘোড়া এবং বিপুল পরিমাণ ঘোড়ার হাড় উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মাংসের বাজারমূল্য প্রতি কেজি ৭৫০–৮০০ টাকা। কিন্তু কসাইরা প্রতি কেজি ২৫০–৩০০ টাকায় ঘোড়ার মাংস ক্রয় করে তা গরুর মাংস হিসেবে হাট-বাজারে বিক্রি করছিল। ফলে ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছিলেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, “একটি সংঘবদ্ধ চক্র এখানে ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ঘোড়ার মধ্যে একটি ঘোড়ী প্রসবও করেছে।”

এ ঘটনায় এলাকাবাসী জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছিল, তখন রূপগঞ্জ উপজেলা প্রশাসনের তৎপরতায় ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে