ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

জুলাই যোদ্ধাদের জন্য বড় সিদ্ধান্ত—যা বললেন সালাহউদ্দিন

২০২৬ মার্চ ২৪ ১৫:০৬:৫৩
জুলাই যোদ্ধাদের জন্য বড় সিদ্ধান্ত—যা বললেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের দেওয়া ‘ইনডেমনিটি’ (দায়মুক্তি) সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের দেওয়া ‘ইনডেমনিটি’ সরকার গ্রহণ করবে এবং তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হবে।

বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবির মুখে বিতর্কিত নামগুলো পরিবর্তনের বিষয়টি আজকের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্যসূচি। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে জামায়াত সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তবে কোনো অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা জনস্বার্থবিরোধী হলে সে বিষয়ে দলটি তাদের অবস্থান তুলে ধরবে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে