ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওমান, নিহত ৪

২০২৬ মার্চ ২২ ১৪:৩৫:৪০
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওমান, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ওমান। টানা দুই দিনের ভারী বর্ষণ ও বজ্রপাতের ফলে দেশটির বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ওমান নিউজ এজেন্সী জানিয়েছে, নিখোঁজ আরেকজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রবল বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

শনিবার (২১ মার্চ) রাতে উদ্ধারকারী দল নিশ্চিত করে যে, প্রবল স্রোতে ভেসে গিয়ে অন্তত তিনজন মারা গেছেন এবং ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ আল বাতিনাহর ওয়াদি আল মাউইল এলাকায় তিনটি গাড়ি স্রোতের মুখে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারী দল একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও পরে বাকি তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

এদিকে বন্যার কারণে উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাস্কাটসহ আল বাতিনাহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি বিভাগ একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

কর্তৃপক্ষ চালকদের প্লাবিত ওয়াদি পার না হওয়ার জন্য সতর্ক করেছে এবং সকলকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা, আদ দাখিলিয়াহ, আদ দাহিরাহ, দক্ষিণ আল বাতিনাহ এবং মাস্কাট অঞ্চলে রোববারও বজ্রঝড় ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

‘আল-মুসাররাত’ নামের নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন এলাকায় তাদের কেন্দ্রগুলো সক্রিয় করেছে এবং উচ্চ সতর্কতা জারি রেখেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সর্বশেষ তথ্য জানতে অনুমোদিত সূত্রের ওপর নির্ভর করতে বলা হয়েছে।

শিহাব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে