ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

ভারতীয় আদালতে মুখ খুললেন হাদি হত্যার আসামি

২০২৬ মার্চ ২২ ১৪:৩৯:০১
ভারতীয় আদালতে মুখ খুললেন হাদি হত্যার আসামি

আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া দুই প্রধান অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে তাদের পাঠানো হয়েছে রোববার (২২ মার্চ)।

১৪ দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ দাবি করেন, তিনি এ হত্যাকাণ্ডে জড়িত নন। তিনি বলেন, “আমি এ কাজ করিনি, এ ধরনের কোনো ঘটনায় ছিলাম না।” তবে তাকে ফাঁসানো হয়েছে কিনা—এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে তাকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়।

গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। ৩৭ বছর বয়সী ফয়সালের বাড়ি পটুয়াখালীতে এবং ৩৪ বছর বয়সী আলমগীরের বাড়ি ঢাকায়।

তদন্ত সূত্রে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।

এসটিএফ জানিয়েছে, গ্রেপ্তারের পর ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে হাজির করা হলে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদি-কে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিদেশে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিহাব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে