ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬
Sharenews24

আজ পবিত্র ঈদুল ফিতর

২০২৬ মার্চ ২১ ০৬:০৩:০৭
আজ পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক: এক মাসব্যাপী রমজানের সিয়াম সাধনার পর আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে রাজধানীসহ সারাদেশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। জাতীয় ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, আর শহর থেকে গ্রাম সর্বত্রই আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

ঈদের নামাজ আদায়ের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করবেন। অনেকে প্রিয়জনদের স্মরণে কবরস্থানে গিয়ে দোয়া করবেন। এরপর পরিবারের সঙ্গে খাবার আয়োজন এবং আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাতে দিনটি কাটবে। বিকেলে পরিবার নিয়ে ঘোরাঘুরি এবং রাতে নিমন্ত্রণে যাওয়া-আসার মধ্য দিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে।

ঈদ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, রমজানের সংযমের পর ঈদ আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে এবং মানুষকে নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে এগিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, ঈদের দিনে ধনী-গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ সৃষ্টি করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ঈদের গুরুত্ব অপরিসীম। একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঈদের শিক্ষা নতুন করে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সচ্ছলদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, রমজানের শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। ঈদ ধনী-গরিবের বিভাজন ভুলে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। তিনি সবাইকে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করারও আহ্বান জানান।

এ বছর ঢাকায় ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হচ্ছে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে। এছাড়া জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় এবং আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে