ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Sharenews24

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

২০২৬ মার্চ ২০ ২১:২৬:৩৫
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জে করা বহুল আলোচিত একটি ‘হত্যা’ মামলায় তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা ওই মামলায় জিহাদ (১১) নামের এক কিশোরকে নিহত দেখানো হয়েছিল।

অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ হেলাল, শেখ ফজলে নূর তাপস এবং আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

তদন্তে উঠে এসেছে, ‘ভুক্তভোগী’ হিসেবে উল্লেখ করা জিহাদ আসলে জীবিত রয়েছে। ঘটনাস্থল ও ঘটনার বর্ণনায় অসংগতি ছিল এবং হাজারীবাগে আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করে মামলাটি দায়ের করা হয়েছিল। এসব অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না সব আসামিকে অব্যাহতি দেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমান দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্ত দেন। তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্ট প্রতিবেদন জমা দেন এবং পরে একই বছরের ৩০ নভেম্বর তা পর্যালোচনা শেষে আদালত মামলার সব আসামিকে অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার জিআরও আবদুল নূর।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট ও জবানবন্দি বিশ্লেষণে দেখা গেছে, এটি ‘হত্যা মামলা’ হিসেবে উপস্থাপন করা হলেও ভুক্তভোগী জীবিত। তিনি কেবল আহত হয়েছেন এবং তা আদালতেও স্বীকার করেছেন। এ প্রেক্ষিতে মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে