ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

৫০ হাজার টনের ডিজেল চেয়ে অনুরোধ, যা জানাল ভারত

২০২৬ মার্চ ১৩ ১২:০৫:৪৮
৫০ হাজার টনের ডিজেল চেয়ে অনুরোধ, যা জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ পাঠিয়েছে। নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ গ্রহণ করেছে, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার আগে তারা নিজস্ব মজুত, অভ্যন্তরীণ চাহিদা এবং তেল শোধনাগারের সক্ষমতা যাচাই করবে।

জয়সওয়াল বলেন, “ভারত কেবল বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকেও একই ধরনের অনুরোধ পেয়েছে। প্রতিটি অনুরোধের প্রাপ্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে, গত বুধবার (১১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক ‘আপৎকালীন পরিস্থিতি’ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই বাংলাদেশ ৪ মাসের জন্য বরাদ্দের বাইরে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল চেয়েছে।

বর্তমানে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর প্রায় ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি হয়। সম্প্রতি প্রথম চালান হিসেবে ৫ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। যদিও পাইপলাইনের বার্ষিক সক্ষমতা প্রায় ১০ লাখ মেট্রিক টন, বর্তমানে চুক্তির আওতায় তা আংশিক ব্যবহার হচ্ছে।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বৈঠক শেষে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের শক্তিশালী স্তম্ভ এবং ভারত সবসময় বন্ধুপ্রতীম প্রতিবেশীর পাশে থাকতে চায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে