ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ঈদের আগে বদলে গেল ট্রেনের সাপ্তাহিক ছুটির নিয়ম

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৮:৪১:০৪
ঈদের আগে বদলে গেল ট্রেনের সাপ্তাহিক ছুটির নিয়ম

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব আন্তঃনগর ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক ছুটি (ডে-অফ) বাতিল করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। ঈদযাত্রায় ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধি ও যাত্রীদের আসন সংকট কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, সাধারণ সময়ে প্রতিটি আন্তঃনগর ট্রেন সপ্তাহে একদিন বিরতিতে থাকে। তবে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে না। ফলে ট্রেনগুলো প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। প্রতিটি আন্তঃনগর ট্রেনের সময়ানুবর্তিতা ও যাত্রীসেবা নিশ্চিত করতে ডিভিশনাল ও জোনাল পর্যায়ে পৃথক মনিটরিং সেল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ইমার্জেন্সি ডিউটি’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে সরাসরি তদারকি বাড়ানো হবে, যাতে শিডিউল বিপর্যয় এড়ানো যায়।

গত ২২ ফেব্রুয়ারি রেলভবনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্রেনের ছুটি বাতিলের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। বিশেষ তদারকির মাধ্যমে ইঞ্জিন বা বগির যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে