ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৯:২৩:৩৮
ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো দেশি-বিদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং।”

বিশিষ্ট সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, কোনো গোপন কৌশল নয়— সাধারণ মানুষকে আস্থায় নেওয়া এবং তাদের পক্ষে নিয়ে আসাটাই ছিল তাদের একমাত্র রাজনৈতিক পরিকল্পনা। “আলহামদুলিল্লাহ, এতে বিএনপি পূর্ণাঙ্গভাবে সফল হয়েছে,” যোগ করেন তিনি।

তিনি এ বিজয়কে ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত জয় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের এবং এ বিজয় দেশের প্রতিটি অধিকারবঞ্চিত মানুষের। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন।”

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ–সহ ৫১টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে।”

ভবিষ্যতে যেন আর কোনো অপশক্তি দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে