ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শীর্ষ স-ন্ত্রা-সী ছোট সাজ্জাদের জামিন স্থগিত

২০২৫ ডিসেম্বর ১৮ ১০:৪০:২২
শীর্ষ স-ন্ত্রা-সী ছোট সাজ্জাদের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধে দায়ের করা সাতটি হত্যা মামলার জামিন স্থগিত করেছেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পর বুধবার (১৭ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে এসব হত্যা মামলায় সাজ্জাদ হোসেন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। একই সঙ্গে তার স্ত্রী শারমিন তামান্নাও চারটি মামলায় জামিন লাভ করেন।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, যে সাতটি হত্যা মামলায় সাজ্জাদ জামিন পেয়েছিলেন, তার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং বাকি তিনটি পাঁচলাইশ থানায় দায়ের করা। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের অভিযোগে এসব মামলা হয়। সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি হত্যা মামলা। অন্যদিকে, তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও হত্যাসহ আটটি মামলা বিচারাধীন।

গত সেপ্টেম্বরে এই সাতটি হত্যা মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী জামিন পান। তবে জামিন সংক্রান্ত আদেশ চলতি সপ্তাহের শেষ দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছায়। যদিও একের পর এক মামলায় জামিননামা ইস্যু হয়েছে, বর্তমানে সাজ্জাদ রয়েছেন রাজশাহী কারাগারে। আর তার স্ত্রী শারমিন তামান্না আছেন ফেনী কারাগারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হকের নির্দেশনায় রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করে। আদালতে জামিননামা পৌঁছানোর বিষয়টি প্রকাশ্যে আসার পরই রাষ্ট্রপক্ষ এই আবেদন জানায়, যা আপিল বিভাগের চেম্বার আদালত মঞ্জুর করেন।

এর আগে চলতি বছরের ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ জামিন আদায়ের কথা উল্লেখ করে তার স্ত্রী শারমিন তামান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাকেও গ্রেপ্তার করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে