ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে মেরে ফেলব’

২০২৫ জুন ১৩ ২০:৩০:৫৮
‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে মেরে ফেলব’

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দিয়ে দোকানে ঢুকে ডাকাতির চেষ্টাকালে দুই কিশোরকে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ওই দুই কিশোরকে হেফাজতে নেয়।

শুক্রবার (১৩ জুন) সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিল এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ দুই কিশোর একটি দোকানে ঢুকে কোমর থেকে পিস্তলের মতো কিছু বের করে টেবিলে রাখে। এরপর দোকানের গ্লাসে লাথি মেরে বলে—‘ক্যাশবাক্সে যা আছে বের কর, না হলে গুলি করে মেরে ফেলব।’ আতঙ্কে দোকানি চুপ থাকলেও আশপাশের অন্যান্য দোকানদাররা দ্রুত এগিয়ে এসে সাহসিকতার সঙ্গে ওই দুই কিশোরকে ধরে ফেলেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান বলেন,‘আমি “মেসার্স খান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিকস” নামের দোকান চালাই। হঠাৎ ওরা ঢুকে পিস্তল বের করে ভয় দেখাতে থাকে। দূর থেকে দেখতে ওটা একেবারেই আসল পিস্তলের মতোই লাগছিল। ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। তবে আশপাশের দোকানদাররা এসে ওদের ধরে ফেলে।’

দোকানিদের ধারণা, স্থানীয়ভাবে আগে থেকেই পরিকল্পনা করে এ চেষ্টাটি চালানো হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন,‘খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টাকালে দুই কিশোরকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে, স্থানীয় এক দুর্বৃত্তের কাছ থেকে ওই পিস্তলটি সংগ্রহ করেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

তিনি আরও জানান,‘ঘটনার বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। আটক কিশোরদের আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।’

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, সমাজে কিশোর অপরাধ বেড়ে চলা একটি উদ্বেগজনক ইঙ্গিত দিচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে