ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০২৪ মার্চ ০৫ ১৩:৩৭:৫৯
বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার সকালে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মেজর হাফিজ। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে মেজর হাফিজসহ তিনজনকে ২১ মাসের কারাদণ্ড দেন আদালত। তবে মেজর হাফিজ শারীরিক অসুস্থতার জন্য ভারতে চিকিৎসাধীন থাকায় এতদিন আদালতে উপস্থিত হননি। গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ৪ জুন গুলশানের মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় মেজর হাফিজসহ বেশ কয়েকজনের নামে মামলা হয়। পরে ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন।

শেয়ারনিউজ, ০৫ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে