×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন

২০২৬ নভেম্বর ২৯ ০৮:০১:২২
যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত ছয় থেকে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে দফায় দফায় এসব ঘটনা ঘটে। এর আগে এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। একা পেয়ে রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে বর্তমানে কারাবন্দী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রের দাবি, এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ আরও অন্তত দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতে এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।

ওসি আরও জানান, হামলার জেরে উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের এক যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে। এর কিছুক্ষণ পর সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। কারা অগ্নিসংযোগে জড়িত, তা তিনি জানেন না। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে