×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি

২০২৬ নভেম্বর ২৮ ১৫:০৬:১৪
শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন নিরীক্ষক। এর মধ্যে রয়েছে বিনিয়োগ করা সিকিউরিটিজের বিপরীতে প্রায় ২ হাজার ৪৫৬ কোটি টাকার প্রভিশন ঘাটতি এবং উৎসে আয়কর ও আবগারি শুল্ক হিসেবে কেটে রাখা ১৪৪ কোটি ৭১ লাখ টাকার বেশি অর্থ নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা না দেওয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযাযী এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের সমন্বিত ও একক আর্থিক বিবরণীতে নিরীক্ষক ‘এমফ্যাসিস অব ম্যাটার’ বা বিশেষ গুরুত্বারোপমূলক অনুচ্ছেদ যুক্ত করেছেন। তবে এসব বিষয়ে নিরীক্ষকের মূল মতামতে কোনো পরিবর্তন আনা হয়নি।

উৎসে কর ও আবগারি শুল্ক জমা না দেওয়ার বিষয়

নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে আইসিবির উৎসে আয়কর ও আবগারি শুল্ক বাবদ বকেয়া দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৭১ লাখ ১৩ হাজার ২৭২ টাকা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৪৮ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৮৪৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ ধরনের বকেয়া প্রায় ১৯৭ শতাংশ বেড়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। ফলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পরিপালনে ব্যর্থ হয়েছে। এ কারণে ভবিষ্যতে জরিমানা ও অন্যান্য আর্থিক পরিণতির মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

তবে এ বিষয়ে আইসিবির আর্থিক প্রতিবেদনে ব্যাখ্যা দেওয়া হয়েছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সংগৃহীত আমানত ২০২১-২২ অর্থবছর থেকে তারল্য সংকটের কারণে অনিয়মিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরগুলোর বিপুল পরিমাণ অপরিশোধিত ও সমন্বয় না হওয়া সুদসহ এসব আমানত নবায়ন করা হয়। এর ফলে ওই অর্থবছরে নতুন করে ১৯৫ কোটি ৭৩ লাখ টাকার উৎসে কর পরিশোধযোগ্য হিসেবে হিসাবভুক্ত হয়।

প্রতিষ্ঠানটি জানায়, মোট বকেয়া অর্থের বিপরীতে ৯৯ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরপর ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বকেয়া দাঁড়ায় ১৪৪ কোটি ৭১ লাখ টাকা। তবে চলমান তারল্য সংকটের কারণে পুরো অর্থ একসঙ্গে পরিশোধ করা সম্ভব হয়নি। বর্তমানে ধাপে ধাপে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হচ্ছে।

আইসিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আরও ১৬ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এতে ২৭ অক্টোবর পর্যন্ত উৎসে কর বাবদ বকেয়া কমে দাঁড়িয়েছে ১২৭ কোটি ৭৫ লাখ টাকা।

বিনিয়োগে প্রায় ২ হাজার ৪৫৬ কোটি টাকার প্রভিশন ঘাটতি

নিরীক্ষকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি হলো, শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে বড় ধরনের ঘাটতি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এ ঘাটতির পরিমাণ প্রায় ২ হাজার ৪৫৬ কোটি টাকা।

নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক অবস্থার বিবরণী অনুযায়ী বিনিয়োগ করা সিকিউরিটিজের বিপরীতে ২ হাজার ৪৫৫ কোটি ৯৪ লাখ টাকার বেশি প্রভিশন ঘাটতি রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২৬ সালের ২০ মে একটি চিঠির মাধ্যমে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে।

আইসিবির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সিকিউরিটিজে বিনিয়োগের বিপরীতে প্রভিশন ঘাটতি ছিল ১৬ দশমিক ৬৪ শতাংশ। পুঁজিবাজারের পরিস্থিতির উন্নতি হলে এ ঘাটতি দূর হবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। এ কারণে বিএসইসির বর্ধিত সময়সীমার মধ্যে অবাস্তবায়িত লোকসানের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণের সুযোগ রয়েছে।

এ ছাড়া বিনিয়োগের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও আর্থিক প্রতিবেদনে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগের মূল্য ক্রয়মূল্যের ভিত্তিতে দেখানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২০ সালের ১ অক্টোবরের একটি চিঠির ভিত্তিতে এ পদ্ধতিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে উৎসে কর ও আবগারি শুল্কের বিপুল পরিমাণ বকেয়া এবং বিনিয়োগের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ঘাটতি—এই দুটি বিষয় আইসিবির আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ নজর কেড়েছে। বিশেষ করে তারল্য সংকটের কারণে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে বিলম্ব এবং পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে বড় অঙ্কের প্রভিশন ঘাটতি প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

তবে নিরীক্ষকের এই বিশেষ গুরুত্বারোপকে সরাসরি নেতিবাচক নিরীক্ষা মতামত হিসেবে বিবেচনা করা যাবে না। নিরীক্ষক স্পষ্ট করেছেন, উল্লিখিত বিষয়গুলোর কারণে তাঁর মূল নিরীক্ষা মতামত পরিবর্তন করা হয়নি।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে