×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী

২০২৬ নভেম্বর ২৮ ১৪:৫৬:৫২
৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ৪৭ বছর ধরে ব্যবহৃত প্রচলিত দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে নতুন করে নকশা করা হবে দলটির অফিশিয়াল প্যাড ও পতাকা। নতুন পরিচিতিতে দলীয় প্রতীক, লাল-সবুজের রং, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং দলীয় আদর্শকে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

এ লক্ষ্যে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নতুন লোগো, প্যাড ও পতাকার নকশা তৈরির প্রস্তাব দেবে। সাংগঠনিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় দলটি।

দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর প্রচলিত লোগোতে চারটি উপাদান দেখা যায়—সবুজ গম্বুজ, গম্বুজের ওপরে দাঁড়িপাল্লা, ভেতরে আরবি হরফে ‘আল্লাহ’ এবং নিচে ‘আকিমুদ্দিন’। দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ভাষ্য, বর্তমান লোগোটি কোন আনুষ্ঠানিক ফোরামের সিদ্ধান্তে তৈরি হয়েছিল, তার সুস্পষ্ট ঐতিহাসিক নথি পাওয়া যাচ্ছে না।

এর আগে পরীক্ষামূলকভাবে বিকল্প একটি লোগো ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। এবার সাংগঠনিকভাবে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে নতুন নকশা চূড়ান্ত করতে চায় দলটি।

নতুন লোগোতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় স্লোগান, লাল-সবুজের রং এবং গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার উপকরণে লোগো ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে নির্বাচনের সময় নানা ব্যস্ততা ও সময়সীমার সীমাবদ্ধতার কারণে তখন বিষয়টি স্থগিত রাখা হয়।

কমিটির প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, পুরোনো লোগোটি কী সিদ্ধান্তে তৈরি হয়েছিল, তার সুস্পষ্ট ঐতিহাসিক ভিত্তি পাওয়া যাচ্ছে না। নতুন নকশায় দলীয় আদর্শ ও মূল্যবোধের পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, শুধু লোগো নয়, দলীয় পতাকারও নতুন নকশার প্রস্তাব তৈরি করা হবে।

দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, লোগোর পাশাপাশি দলীয় আদর্শ, দেশের পরিচয় এবং লাল-সবুজের রং মিলিয়ে একটি সমন্বিত রূপ দেওয়ার চেষ্টা চলছে। এ জন্য প্যাড ও পতাকাসহ দলীয় পরিচিতির বিভিন্ন বিষয় পর্যালোচনা ও আলোচনা করা হচ্ছে।

নতুন নকশা চূড়ান্ত হলে জামায়াতে ইসলামীর দলীয় পরিচিতিতে কী ধরনের পরিবর্তন আসছে, তা স্পষ্ট হবে। আপাতত সাত সদস্যের কমিটি প্রস্তাব তৈরির কাজ করবে; চূড়ান্ত নকশা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে