×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা

২০২৬ নভেম্বর ২৮ ১০:৩০:২৫
বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য সরকারের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে জাপানের চারটি প্রতিষ্ঠান। তবে চুক্তির একটি শর্ত নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণ বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরু হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দুটি ফ্লাইট ছেড়ে যাবে এবং দুটি অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরুর কথা রয়েছে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে তৃতীয় টার্মিনাল। সরকারের পক্ষে দায়িত্ব পালন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেসরকারি অংশীদার হিসেবে থাকবে জাপানি কনসোর্টিয়াম। এতে রয়েছে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে এককালীন অর্থের পরিমাণ নির্মাণ ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে কয়েকটি ধাপ। চুক্তির প্রথম আট মাস সরকার কোনো আয় পাবে না। পরবর্তী ছয় মাসে রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২ দশমিক ১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার।

অন্যদিকে, বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার বা প্রায় এক হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের এই খরচ প্রায় তিন গুণ বাড়বে।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, বাংলাদেশের বিমান চলাচল খাতে বিভিন্ন চার্জ এমনিতেই তুলনামূলক বেশি। এর মধ্যে এমবারকেশন ফি দুই থেকে তিন গুণ বাড়লে শেষ পর্যন্ত সেই বাড়তি খরচ যাত্রীদের ওপরই পড়বে। তাঁর মতে, আলোচনার ক্ষেত্রে দেশের অবস্থান দুর্বল হওয়ায় অনেক শর্ত মেনে নিতে হচ্ছে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, এমবারকেশন ফি বা ভ্রমণ ব্যয় বাড়ায় এমন নিয়ন্ত্রক ফি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে এয়ারলাইনসের পাশাপাশি যাত্রীরাও অংশীজন। কিন্তু ফি বাড়ানোর বিষয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না।

ইমরান আসিফের মতে, ফি তিন গুণ বাড়লে বিশেষ করে প্রবাসী কর্মীদের ভ্রমণ ব্যয় বেড়ে যাবে। টার্মিনাল পরিচালনার বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপানো হচ্ছে।

তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম।

এ জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বছরে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে নতুন টার্মিনালে এই ব্যবসার একটি বড় অংশ অন্য অপারেটরের হাতে গেলে রাষ্ট্রীয় সংস্থাটির আয়ে প্রভাব পড়তে পারে।

বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুল ইসলাম মনে করেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে বঞ্চিত করা হলে রাষ্ট্রীয় সংস্থাটি বড় ব্যবসা হারাবে। তবে একই সঙ্গে বিমানের সেবার মান উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে এক হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। ওই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ। গত অর্থবছরে বেবিচকের আয় ছিল তিন হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রমের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরও প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।

সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। এটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।

আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। প্রাথমিক পরিকল্পনায় মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

বেবিচক সূত্র জানায়, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে। একই সঙ্গে বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতা। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এত দিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনাল চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির শর্তগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনালের পরিচালন ব্যয় কেমন হবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

তাঁর মতে, বিদেশি এয়ারলাইনসের আগ্রহ বাড়লেও ফ্লাইটের স্লট বরাদ্দ নির্ভর করবে বোর্ডিং ব্রিজ, পার্কিং স্পেস, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সামগ্রিক সক্ষমতার ওপর। পাশাপাশি দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা ও বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। তবে ১৫ বছরের পরিচালন চুক্তি, ১০০ কিলোমিটারের মধ্যে অন্য বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, যাত্রীদের বাড়তি মাশুল এবং বিদেশি ঋণ পরিশোধের চাপ—সবকিছুর আর্থিক প্রভাব কতটা হবে, তা নির্ভর করবে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম ও রাজস্ব আয়ের ওপর।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে