×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক

২০২৬ নভেম্বর ২৭ ১৭:৪৫:২৭
কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও পল্লী ঋণ বিতরণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থ বিতরণ করলেও ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক। ২০২৬ সালের জুন শেষে এ খাতে ব্যাংকগুলোর সম্মিলিত লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ বিতরণের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭ শতাংশে। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশেরও বেশি ঋণ বিতরণ করতে পারেনি ব্যাংকগুলো। ছয় ব্যাংকের মধ্যে পাঁচটিই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকা। এর বিপরীতে বিতরণ হয়েছে ৫৬ হাজার ৪১২ কোটি ৬০ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ৬৭ শতাংশে।

এর আগের ছয় মাসে, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর শেষে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৩ হাজার ১৭২ কোটি ৫০ লাখ টাকা। তখন বিতরণ হয়েছিল ৫৭ হাজার ৫৫৭ কোটি ৪০ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৬৯ দশমিক ২ শতাংশ। সে হিসাবে ছয় মাসের ব্যবধানে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের পরিমাণ কমেছে ১ হাজার ১৪৪ কোটি ৮০ লাখ টাকা। একই সঙ্গে লক্ষ্যমাত্রা অর্জনের হার কমেছে ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট।

জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে দুর্বল

ব্যাংকভিত্তিক হিসাবে সিএমএসএমই ঋণ বিতরণে সবচেয়ে পিছিয়ে রয়েছে জনতা ব্যাংক। ২০২৬ সালের জুন শেষে ব্যাংকটির লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৭২৩ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ করেছে ১১ হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার মাত্র ৪৩ দশমিক ৭ শতাংশ।

সোনালী ব্যাংক ২৪ হাজার ৩২২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১৫ হাজার ৬৮৩ কোটি ৬০ লাখ টাকা। ব্যাংকটির অর্জনের হার ৬৪ দশমিক ৫ শতাংশ। অগ্রণী ব্যাংক ১৬ হাজার ৫৫৯ কোটি ৭০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ১৪ হাজার ৭০ কোটি ৬০ লাখ টাকা। এতে অর্জনের হার দাঁড়িয়েছে ৮৫ শতাংশে।

রূপালী ব্যাংক ৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ৬ হাজার ১৫৮ কোটি ৮০ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৭ শতাংশ। বেসিক ব্যাংক ৯ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে ৮ হাজার ৬৮০ কোটি ২০ লাখ টাকা। ব্যাংকটির অর্জনের হার ৯৫ দশমিক ৪ শতাংশ।

তবে ছয় ব্যাংকের মধ্যে একমাত্র বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ব্যাংকটির লক্ষ্যমাত্রা ছিল ৫৪৫ কোটি ৮০ লাখ টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ করেছে ৫৭৮ কোটি ১০ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯ শতাংশে।

কৃষি ও পল্লী ঋণে লক্ষ্যমাত্রা বাড়াল বাংলাদেশ ব্যাংক

সিএমএসএমই খাতে পিছিয়ে থাকলেও কৃষি ও পল্লী ঋণ বিতরণে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের অগ্রগতি তুলনামূলক ভালো। এ খাতে এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর সম্মিলিত ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা প্রায় ৯০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৫-২৬ অর্থবছরে ছয় ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬৫৭ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো বিতরণ করেছে ৪ হাজার ১ কোটি ৭৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ১০৯ দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩৪৪ কোটি ৭৩ লাখ টাকা বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

ব্যাংকভিত্তিক হিসাবে, সোনালী ব্যাংক ১ হাজার ৮৯৩ কোটি ৭ লাখ টাকা বিতরণ করে লক্ষ্যমাত্রার ১১৪ দশমিক ৭৩ শতাংশ অর্জন করেছে। জনতা ব্যাংক ৬৯৯ কোটি ২০ লাখ টাকা বিতরণ করে অর্জন করেছে ১১৬ দশমিক ৫৩ শতাংশ। অগ্রণী ব্যাংক ৮৫৩ কোটি ৭১ লাখ টাকা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ১০১ দশমিক ৩ শতাংশ। রূপালী ব্যাংক ৫০৪ কোটি ৬৬ লাখ টাকা বিতরণ করে লক্ষ্যমাত্রার ১০০ দশমিক ৯৩ শতাংশ অর্জন করেছে।

তবে এ ক্ষেত্রেও ব্যতিক্রম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাংকটির লক্ষ্যমাত্রা ছিল ২২ কোটি টাকা, কিন্তু বিতরণ করেছে মাত্র ৮ কোটি ১৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৩৬ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে, বেসিক ব্যাংক ৪২ কোটি ৯৬ লাখ টাকা বিতরণ করে লক্ষ্যমাত্রার ১০৭ দশমিক ৪০ শতাংশ অর্জন করেছে।

নতুন অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৯৪১ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের সম্মিলিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৪১ কোটি টাকা। আগের অর্থবছরের ৩ হাজার ৬৫৭ কোটি টাকার তুলনায় নতুন লক্ষ্যমাত্রা বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ।

নতুন অর্থবছরে সোনালী ব্যাংকের জন্য ২ হাজার ৯৮৯ কোটি টাকা, জনতা ব্যাংকের জন্য ১ হাজার ৫৮ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের জন্য ১ হাজার ৭৬৩ কোটি টাকা এবং রূপালী ব্যাংকের জন্য ১ হাজার ৬১ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিডিবিএলের লক্ষ্যমাত্রা ২৫ কোটি এবং বেসিক ব্যাংকের ৪৫ কোটি টাকা।

জাতীয় পর্যায়ে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ঋণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের অংশ ১১ দশমিক ৫৭ শতাংশ।

সব মিলিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কৃষি ও পল্লী ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা ছাড়ানোর চিত্র থাকলেও সিএমএসএমই খাতে ঋণপ্রবাহে দুর্বলতা স্পষ্ট। বিশেষ করে জনতা ব্যাংকের মাত্র ৪৩ দশমিক ৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন এবং ছয় মাসের ব্যবধানে সামগ্রিক ঋণ বিতরণ কমে যাওয়ার বিষয়টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে