×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?

২০২৬ নভেম্বর ২৭ ১২:০৮:১০
হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন খবর ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে ঘোষিত তারিখে ঢাকা-দিল্লি রুটে বিমানের নিয়মিত ফ্লাইট না থাকা, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় এবং ভারতের অবস্থান—সব মিলিয়ে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা।

কারিগরিভাবে বিশেষ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হলেও সেটি দিল্লির অনুমতির ওপর নির্ভরশীল। অন্যদিকে, বাংলাদেশের সরকারের অবস্থান হলো, শেখ হাসিনা সাধারণ যাত্রী হিসেবে নয়, বরং আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।

গত ২৪ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান। তবে বিমানের নিয়মিত সূচি অনুযায়ী ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট চলাচল করে। বৃহস্পতিবার ঢাকা থেকে দিল্লি এবং শুক্রবার দিল্লি থেকে ঢাকায় ফ্লাইট পরিচালিত হয়।

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার। ফলে ওই দিন ঢাকা-দিল্লি রুটে বিমানের কোনো নিয়মিত ফ্লাইট নেই।

অবশ্য বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রীয় প্রয়োজন বা নির্দিষ্ট যাত্রী পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজেও বিশেষ ফ্লাইটে বিদেশ সফর করেছেন। ফলে কারিগরিভাবে বিশেষ উড়োজাহাজ পাঠানো অসম্ভব নয়।

তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের অনুমতি। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, কোনো দেশের অনুমতি ছাড়া অন্য দেশের উড়োজাহাজ সেই দেশের আকাশসীমায় প্রবেশ করতে পারে না। অনুমতি ছাড়া প্রবেশ করলে তা আকাশসীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ বাংলাদেশ বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিলেও দিল্লির অনুমতি ছাড়া সেটি সেখানে অবতরণ করতে পারবে না।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তার পাসপোর্ট বাতিল করা হয়। আন্তর্জাতিক ফ্লাইটে সাধারণ যাত্রী হিসেবে ভ্রমণের জন্য বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। ফলে বাতিল পাসপোর্ট নিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার সুযোগ নেই।

সম্প্রতি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে শেখ হাসিনার পক্ষ থেকে আবেদন করার খবর প্রকাশিত হলেও সরকার তাতে সম্মতি দেয়নি বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তার আওতায় নেওয়া হবে।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে আনতে উড়োজাহাজ, হেলিকপ্টার কিংবা বাস পাঠানো নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে।

সরকারের অবস্থান অনুযায়ী, বিষয়টি সাধারণ যাত্রী পরিবহনের মতো নয়; বরং প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্ন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের ২৮ জানুয়ারি। একই বছরের ২৩ অক্টোবর চুক্তিটি কার্যকর হয় এবং ২০১৬ সালে এতে সংশোধন আনা হয়। চুক্তি অনুযায়ী, দুই দেশের আইনেই অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে নির্দিষ্ট শর্তে প্রত্যর্পণের আওতায় আনা যায়।

তবে চুক্তিতে কিছু ব্যতিক্রমও রয়েছে। অপরাধটি রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। যদিও হত্যা, বিস্ফোরণ, অপহরণ ও জিম্মি করার মতো গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার কথা চুক্তিতে উল্লেখ আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক চরিত্রের, নাকি গুরুতর ফৌজদারি অপরাধের আওতায় পড়ে—এ নিয়ে ব্যাখ্যার প্রশ্ন তৈরি হতে পারে। চুক্তির বিধান অনুযায়ী, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে অনুরোধ পাওয়া দেশ ভারতের হাতে।

এ ছাড়া জাতি, ধর্ম কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো ব্যক্তির প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হতে পারে বলে মনে হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ ৪৫৩ পৃষ্ঠার রায় ঘোষণা করেন।

ভারতে অবস্থান করায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনার পক্ষে আপিল করা হয়নি। এই রায়ের ভিত্তিতেই ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

তবে ভারত এখনো তাকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা জানিয়েছিল। এরপর ২০২৬ সালের এপ্রিল এবং সর্বশেষ ১০ নভেম্বরও দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।

ভারতের এই অবস্থানের পেছনে আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আপিলের সুযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত শুধু আইনি বিষয় নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কিছু শর্ত দিতে পারে—এমন আলোচনা আগে থেকেই রয়েছে। বিবিসি বাংলায় ভারতীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, তাকে সামরিক উড়োজাহাজে অথবা সীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে হস্তান্তরের বিষয় বিবেচনায় আসতে পারে। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ দেওয়ার শর্তও আলোচনায় এসেছিল।

তবে গত ১৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কোনো শর্ত দেয়নি।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নতুন করে বিচারের কোনো আইনি সুযোগ নেই।

১৬ ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নির্ধারিত তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট না থাকা, বিশেষ ফ্লাইটের জন্য ভারতের অনুমতি প্রয়োজন হওয়া, পাসপোর্ট বাতিল এবং প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা—সবকিছু মিলিয়ে তার প্রত্যাবর্তনের পথ সহজ নয়।

মূলত এখানে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার সম্মতি দেবে কি না। দ্বিতীয়ত, বাংলাদেশ ও ভারত কীভাবে প্রত্যর্পণ চুক্তি এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

তাই ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর থাকলেও প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি সিদ্ধান্ত ছাড়া তার প্রত্যাবর্তন নিশ্চিত বলা যাচ্ছে না। বিশেষ ফ্লাইট পাঠানো সম্ভব হলেও সেটি প্রত্যর্পণের বিকল্প নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ঢাকা ও দিল্লির অবস্থানের ওপর।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে