×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

২০২৬ নভেম্বর ২৫ ১৫:৪০:২৪
চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেডের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে।

নতুন কাঠামোয় সবচেয়ে বেশি মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডের মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা থেকে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডের মজুরি ৫ হাজার ৭২৭ টাকা বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে বেলা সোয়া ৩টায় শুরু হওয়া সভা দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়।

সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুই শ্রমিক প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে মোট মজুরির মধ্যে মূল বেতন ও বাড়িভাড়া কত হবে, তা নির্ধারণে বুধবার (২৫ নভেম্বর) আবারও মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে বুধবার ভোর ৪টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে