×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি

২০২৬ নভেম্বর ২৫ ১২:৩৭:১৩
কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দিয়ে তার বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।

গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকেরের বাড়ির পাশে একটি বাক্স রেখে যাওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার। পরে মঙ্গলবার দুপুরে স্বজনরা বাক্সটি উদ্ধার করেন।

বাক্সে পাওয়া চিরকুটে আবু বাকেরকে উদ্দেশ করে লেখা হয়, ‘মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি—মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব।’

চিরকুটের শেষাংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন কথাও লেখা ছিল।

এ ঘটনায় বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।

হুমকির বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বাড়ির পাশে কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছে। তার দাবি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

থানায় অভিযোগের বিষয়ে আবু বাকের জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। কীভাবে এগোনো যায়, তা নিয়ে ভাবছেন।

অন্যদিকে আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে বাক্স খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ করা হয়নি।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছেন। তবে সেগুলো কে বা কারা পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি বলেও জানান তিনি।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে