×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ

২০২৬ নভেম্বর ২৫ ১১:৩৯:৫৩
লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের বাজারে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ লক্ষ্যে লেবাননের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি এবং ইয়েমেনের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কোম্পানিটি।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ৫৩ মিনিটে এ বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ওয়ালটন।

কোম্পানির তথ্যমতে, লেবাননের আইন অনুযায়ী নিবন্ধিত এবং বৈরুতে কার্যালয় থাকা প্রতিষ্ঠান ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ফ্রিগো পাওয়ারকে লেবাননে ওয়ালটন পণ্যের অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি লেবাননের বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের দায়িত্ব পালন করবে। চুক্তির মেয়াদ পাঁচ বছর। উভয় পক্ষের সম্মত শর্ত অনুযায়ী এ চুক্তি কার্যকর থাকবে।

এদিকে ইয়েমেনের আইন অনুযায়ী নিবন্ধিত এবং এডেনে কার্যালয় থাকা প্রতিষ্ঠান মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সঙ্গেও একটি সমঝোতা স্মারক সই করেছে ওয়ালটন।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলাই এ সমঝোতার উদ্দেশ্য। এর আওতায় একটি ব্যবসায়িক রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। এতে নিরবচ্ছিন্ন পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা ও পণ্যের প্রচারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি ও উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে চুক্তি ও সমঝোতা স্মারকের আর্থিক মূল্য, সম্ভাব্য পণ্য সরবরাহের পরিমাণ কিংবা রপ্তানি আয়ের কোনো লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়নি। ইয়েমেনের সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার বাধ্যবাধকতা রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি। ফলে এসব উদ্যোগের আর্থিক প্রভাব এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে