×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা 

২০২৬ নভেম্বর ২৪ ০৮:১০:৫৮
দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা 

নিজস্ব প্রতিবেদক: সারাজীবনের জমানো টাকা ব্যাংকে রেখেও প্রয়োজনের সময় তুলতে না পারার ঘটনায় আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ বাড়ছে। বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহকদের বিক্ষোভ ও টাকা ফেরতের দাবির মুখে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কোন ব্যাংকে টাকা রাখলে সঞ্চয় তুলনামূলক নিরাপদ থাকবে?

অর্থনীতিবিদদের মতে, সঞ্চয়ের জন্য ব্যাংক এখনো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও সব ব্যাংকের আর্থিক সক্ষমতা সমান নয়। তাই কেবল বেশি মুনাফার প্রলোভন দেখে নয়, বরং ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ও সুশাসন বিবেচনা করেই আমানত রাখার সিদ্ধান্ত নেওয়া জরুরি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, পারফরম্যান্সের দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক। এরপরই শক্তিশালী অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক। এ ছাড়া টেকসই ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।

অন্যদিকে আমানত প্রবৃদ্ধি, মূলধন, খেলাপি ঋণ এবং সাসটেইনেবিলিটি রেটিংয়ের মতো সূচক বিবেচনায় বেসরকারি খাতের তুলনামূলক শক্তিশালী ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক, সিটি, ইস্টার্ন, ডাচ-বাংলা, প্রাইম, পূবালী, মিউচুয়াল ট্রাস্ট, যমুনা ও ট্রাস্ট ব্যাংক। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এই তালিকায় রয়েছে সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক।

নিয়মিত সঞ্চয়ের জন্য বিভিন্ন ব্যাংকের আকর্ষণীয় ডিপোজিট স্কিমও রয়েছে। উদাহরণস্বরূপ, রূপালী ব্যাংকের আরডিপিএস-৩ (RDPS-3) স্কিমে মাসে ৫ হাজার টাকা করে জমা দিয়ে ১০ বছরে প্রায় ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রকৃত প্রাপ্তি নির্ভর করবে সংশ্লিষ্ট স্কিমের শর্ত ও মুনাফার হারের ওপর।

বিশেষজ্ঞরা আমানতকারীদের প্রতি পরামর্শ দিয়ে বলেছেন, কোনো ব্যাংক বাছাইয়ের আগে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, বাংলাদেশ ব্যাংকের রেটিং, তারল্য পরিস্থিতি, গ্রাহকসেবা এবং ব্যাংকের সুনাম যাচাই করা উচিত। পাশাপাশি পুরো সঞ্চয় একটি ব্যাংকে না রেখে একাধিক ব্যাংকে ভাগ করে রাখলে ঝুঁকি কমানো সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করেন, কোনো ব্যাংককেই শতভাগ ঝুঁকিমুক্ত বলা যায় না। তাই বেশি মুনাফার চেয়ে আমানতের নিরাপত্তা, ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং প্রয়োজনে সহজে টাকা উত্তোলনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়াই বুদ্ধিমানের কাজ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে