×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন

২০২৬ নভেম্বর ২৪ ০৮:০২:২৯
অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন

নিজস্ব প্রতিবেদক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’ (R&AW)-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত ১৩ নভেম্বর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ক্যাথরিন পোক ফাইলা এই লিখিত নির্দেশ দেন। দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তায় এই সমন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রতিষ্ঠাতা এবং মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলার পরিপ্রেক্ষিতে এই সমন পাঠানো হয়েছে। পান্নুনের অভিযোগ, ২০২৩ সালে নিউইয়র্কে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

এই ঘটনার সমান্তরালে যুক্তরাষ্ট্রে একটি ফৌজদারি মামলাও চলছিল। মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ১৫ হাজার ডলারের বিনিময়ে পান্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন, যিনি পরবর্তীতে মার্কিন আন্ডারকভার কর্মকর্তা বলে প্রমাণিত হন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটের কর্মকর্তা বিকাশ যাদবের কাছ থেকে এই নির্দেশনা এসেছিল বলে অভিযোগ করা হয়। ওই মামলায় গত ২০ নভেম্বর (২০২৬) নিখিল গুপ্তকে ২৩৫ মাস অর্থাৎ ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফৌজদারি মামলায় শাস্তি নিশ্চিত হওয়ার পর এবার দেওয়ানি মামলায় ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, এক দেশের আদালতের নথি অন্য দেশে ‘হেগ সার্ভিস কনভেনশন’-এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাত ধরে পৌঁছায়। তবে এই মামলায় সেই প্রক্রিয়া প্রত্যাখ্যাত হওয়ায় বিচারক বিকল্প পদ্ধতির অনুমতি দিয়েছেন। আদালতের ক্লার্ক সরাসরি কুরিয়ারের মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউস (দোভালের জন্য) এবং দ্বারকা ও তিস হাজারি আদালতে (গোয়েলের জন্য) সমনের নথি পাঠিয়েছেন।

মার্কিন আদালতের এই সমন মানেই যে ভারত তা মানতে বাধ্য, এমন নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই মামলাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে। তাছাড়া, একজন কর্মরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অজিত দোভালের সার্বভৌম সুরক্ষা (Sovereign Immunity) রয়েছে। ফলে কোনো বিদেশি আদালত চাইলেই তাকে এভাবে তলব করতে পারে না।

বিশ্লেষকদের মতে, ভারত এই সমন মানতে বাধ্য না হলেও এর মূল উদ্দেশ্য দোভালের উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং ভারতের ওপর এক ধরনের নীরব চাপ তৈরি করা। দেওয়ানি মামলায় বিবাদী পক্ষ অনুপস্থিত থাকলে আদালত একতরফা রায় (Ex-parte judgment) দিতে পারেন। এ ছাড়া দোভালের মতো শীর্ষ কর্মকর্তার নামে বারবার সমন জারির খবর আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকে অস্বস্তিকর করে তোলে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য, শুল্ক এবং জ্বালানি নিয়ে চলমান আলোচনার পেছনে এই মামলাটি একটি কূটনৈতিক চাপের মাধ্যম হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে