×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়

২০২৬ নভেম্বর ২৪ ০৭:৫২:১৪
ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না সরকারের কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা। সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করতে হবে।

এসব বিধান রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়নের জন্য নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকতে হবে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখার বিধান করা হয়েছে।

চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। পাশাপাশি কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

নীতিমালায় চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দেওয়ার পর পুনরায় নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের মেয়াদের কর্মদক্ষতা বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান থাকলে এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।

পরিচালক নিয়োগ বা মনোনয়নের ক্ষেত্রে যোগ্য নারী প্রার্থীদের পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন, ব্যাংকিং, আর্থিক বাজার, শেয়ারবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধানও অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন বা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। একইভাবে স্বার্থের সংঘাত রয়েছে এমন প্রার্থীদের নিয়োগ বা মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না।

চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাছাই কমিটি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ ক্ষেত্রে ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রেও প্রার্থীর আগের কর্মদক্ষতা যাচাই করা হবে।

বাছাই কমিটির সুপারিশের পর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে। অন্যদিকে পরিচালক নিয়োগ বা মনোনয়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করতে হবে পরিচালনা পর্ষদকে। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে পর্ষদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না।

পরিচালকদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নীতিমালাটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও এ নীতিমালার আওতায় থাকবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে