×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর

২০২৬ নভেম্বর ২৩ ২১:১৫:০১
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর হাজারো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

ফল পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮৫৩ জনের। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জন, বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৩৫৩ জন, মাদ্রাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বোর্ডে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথমবারের ফলাফলে অকৃতকার্য হওয়া একজন শিক্ষার্থীও নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। ফলে ফল প্রকাশের পর হতাশায় থাকা অনেক শিক্ষার্থীর জন্য পুনর্নিরীক্ষণের ফল নতুন আশার সৃষ্টি করেছে।

এবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগও রাখা হয়েছিল। ফলে শিক্ষার্থীরা শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের জন্যই আবেদন করেননি, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন। এ কারণে এবারের পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফল পরিবর্তনের সংখ্যা উল্লেখযোগ্য হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। ওই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

মূল ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পান। সেই আবেদন প্রক্রিয়া শেষে সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। এতে হাজারো শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ায় নতুন করে পাস এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে