×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা

২০২৬ নভেম্বর ২৩ ২০:৪৫:০২
ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: রেমিট্যান্স বা প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ, পারিবারিক সঞ্চয় বৃদ্ধি এবং বেসরকারি খাতে বিনিয়োগ স্থবিরতার কারণে দেশের ব্যাংক খাতে আমানতে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বছরওয়ারি ভিত্তিতে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক ব্যবস্থায় মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার কোটি টাকা, যা এক বছর আগে ছিল ১৯ লাখ ১৪ হাজার কোটি টাকা।

পরিসংখ্যানে দেখা যায়, আমানত প্রবৃদ্ধির এই হার ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে যা ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ, ২০২৫ সালের জুনে তা ৮ শতাংশ, ডিসেম্বরে ১১ দশমিক ১ শতাংশ এবং চলতি বছরের জুনে ১০ দশমিক ৭৪ শতাংশে উন্নীত হয়।

আমানত বাড়ার নেপথ্যে কী?

ব্যাংকাররা বলছেন, আমানত বৃদ্ধির পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করেছে—উচ্চহারে রেমিট্যান্স প্রবাহ, আমানতের আকর্ষণীয় সুদহার এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংক খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা তার আগের অর্থবছরের (৩০.৩২ বিলিয়ন ডলার) তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে প্রবাসীদের পাঠানো এই অর্থ টাকায় রূপান্তরিত হয়ে সরাসরি ব্যাংকের আমানত ভিত্তিকে শক্তিশালী করছে। এছাড়া, বর্তমানে আমানতের ওপর উচ্চ সুদ পাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহিত হচ্ছেন।

তবে আমানতের এই প্রবৃদ্ধি সব ব্যাংকের ক্ষেত্রে সমান নয়। আর্থিক ভিত্তি দুর্বল—এমন ব্যাংকগুলো এখনো গ্রাহকদের আস্থাহীনতার কারণে আমানত সংগ্রহে হিমশিম খাচ্ছে।

বেসরকারি ঋণে স্থবিরতা ও অতিরিক্ত তারল্যের চাপ

ব্যাংকে আমানতের প্রবাহ বাড়লেও তা ব্যবসায়িক বিনিয়োগে রূপ নিচ্ছে না। সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশে নেমে এসেছে। ব্যবসায়িক কার্যক্রমে মন্থরগতি এবং নতুন বিনিয়োগের সুযোগ সীমিত থাকায় উদ্যোক্তারা ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না। ফলে ব্যাংকগুলোতে আমানতের পাহাড় জমলেও লাভজনক খাতে ঋণ বিতরণ করতে পারছে না ব্যাংকগুলো।

আমানত বৃদ্ধি ও ঋণ চাহিদার এই অসম ব্যবধানের কারণে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ বেড়ে সেপ্টেম্বর শেষে ৪ লাখ ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছে। বাধ্যতামূলক রিজার্ভ রাখার পর ব্যাংকগুলোর হাতে থাকা এই বিপুল অলস অর্থ দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ মন্দার চিত্রই স্পষ্ট করে।

খেলাপি ঋণের বিশাল বোঝা

আমানত বাড়ার ইতিবাচক খবরের মাঝেও ব্যাংক খাতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম খেলাপি ঋণ। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। অতীতের ঋণ অনিয়ম, সুশাসনের অভাব এবং লাগামহীন খেলাপি ঋণ ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাকে দুর্বল করে রেখেছে এবং সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে