×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস

২০২৬ নভেম্বর ২৩ ১৭:৩৬:১৪
গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব নাশকতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।

গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার ঘটনাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ব্যাংকটি নারীদের দারিদ্র্য ও বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ সৃষ্টি করছে।

ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। তিনি বলেন, এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে তাঁর ধারণা, এসব কর্মকাণ্ডের পেছনে পরিকল্পিত নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন। এসব সহিংসতা লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

ড. ইউনূসের ভাষ্য অনুযায়ী, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে দাবি করে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। হামলাকারীরা ব্যাংকটির মালিক তিনি এবং এটি তাঁর পরিচালনায় চলে—এমন দাবি করে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে জানান ড. ইউনূস। তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না।

ব্যাংকটির ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি উল্লেখ করে ড. ইউনূস হামলার ঘটনাগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ড. ইউনূস। তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে