×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের

২০২৬ নভেম্বর ২৩ ১৬:২৯:৩৫
টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের

নিজস্ব প্রতিবেদক: শহরায়ন দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপদ, টেকসই ও শক্তিশালী নির্মাণসামগ্রীর চাহিদাও বাড়ছে। এ চাহিদা মেটাতে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড আধুনিক প্রযুক্তিতে ৬০০ গ্রেডের উচ্চশক্তির রিবার উৎপাদন করছে। কোম্পানি সূত্রে জানা গেছে, এই রিবার দীর্ঘস্থায়ী স্থাপনা গড়তে সহায়তা করে, কম সম্পদ ব্যবহার করে এবং অধিক নিরাপত্তা দেয়। নির্মাণশিল্পে একে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কোম্পানি সূত্র অনুযায়ী, সাধারণ গ্রেডের তুলনায় উচ্চশক্তির রিবারের প্রসারণ ক্ষমতা অনেক বেশি। নিরাপত্তা বা স্থায়িত্বে ঘাটতি ছাড়াই ৪২০ ও ৫০০ গ্রেড রিবারের তুলনায় ৬০০ গ্রেডের রিবার ব্যবহার করে কম খরচে একই কাঠামো নির্মাণ সম্ভব। এতে কাঁচামাল ও শ্রম উভয় ক্ষেত্রেই ব্যয় কমে। পাশাপাশি ভবন ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ভূমিকম্প সহনীয় ও দীর্ঘস্থায়ী হয়। কাঁচামালের ব্যবহার কমিয়ে এবং কাঠামোর দক্ষতা বাড়িয়ে এই রিবার টেকসই উন্নয়নে অবদান রাখে।

টেকসই ও উচ্চশক্তির ইস্পাত তৈরির পথ শুরু হয় কাঁচামাল থেকে। এ ক্ষেত্রে পরিশুদ্ধ কাঁচামাল ব্যবহারে বড় ভূমিকা রাখছে স্ক্র্যাপ প্রিহিটিং প্রযুক্তি। আধুনিক কারখানায় চুল্লির গরম অফ গ্যাস ব্যবহার করে স্ক্র্যাপ আগে থেকেই উত্তপ্ত করা হয়। এতে বিদ্যুৎ খরচ কমে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। পাশাপাশি রং, ধূলিকণা বা আবরণজাতীয় অপদ্রব্য গলে যাওয়ার আগেই সরে যায়। ফলে পরিবেশবান্ধব উপায়ে আরও বিশুদ্ধ ইস্পাত তৈরি সম্ভব হয়।

ইস্পাত উৎপাদনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সাইফনিক ট্যাপিং সিস্টেম। প্রচলিত পদ্ধতিতে চুল্লি থেকে তরল ইস্পাত বের করার সময় স্ল্যাগ বা অপদ্রব্য মিশে যেত। সাইফনিক ট্যাপিংয়ে বিশেষ রিফ্র্যাক্টরি ব্যারিয়ার ও সামান্য টিল্টিং ব্যবহার করে কেবল বিশুদ্ধ ইস্পাত সংগ্রহ করা হয়। এতে সমজাতীয় গুণসম্পন্ন উচ্চ মানের ইস্পাত তৈরি হয়, যা ৬০০ গ্রেড রিবার উৎপাদনে অপরিহার্য।

চুল্লি থেকে পরিশোধনের পর তরল ইস্পাত বিলেট আকারে রূপ নিতে হাই-স্পিড কন্টিনিউয়াস কাস্টিং প্রক্রিয়ায় যায়। এখানে স্বয়ংক্রিয় মোল্ড লেভেল সেন্সর, ইলেক্ট্রোম্যাগনেটিক স্টিরিং ও নির্দিষ্ট সুপারহিট নিয়ন্ত্রণসহ নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে ক্ষতিকর কাঠামো ভেঙে যায় এবং সমান দানা গঠনের মাধ্যমে উচ্চ মানের বিলেট তৈরি হয়, যা ৬০০ গ্রেড রিবারের ভিত্তি। ম্যাঙ্গানিজ-সালফারের অনুপাত সঠিকভাবে বজায় থাকায় যান্ত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। পুরো প্রক্রিয়া আবদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় পুনঃঅক্সিডেশনের ঝুঁকি থাকে না।

আধুনিক ইস্পাত উৎপাদনের অন্যতম উদ্ভাবন উইনলিংক প্রযুক্তি। এতে কাস্টিং ও রোলিং প্রক্রিয়াকে সরাসরি যুক্ত করা হয়, ফলে বিলেট পুনরায় গরম করার প্রয়োজন পড়ে না। এতে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে। একই সঙ্গে স্ক্যাডা (SCADA) ভিত্তিক পিএলসি (PLC) অটোমেশন সিস্টেমের মাধ্যমে তাপমাত্রা, গতি, পানির পরিমাণ ও পানির চাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। এর ফলে রিবারের গুণগত মান ও যান্ত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত হয়।

কোম্পানি সূত্রের মতে, এসব প্রযুক্তি প্রমাণ করেছে যে উচ্চমানের, টেকসই ও শক্তিশালী ইস্পাত উৎপাদন সম্ভব এবং এটি আধুনিক নির্মাণ ও শিল্পের জন্য অপরিহার্য।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে