×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

২০২৬ নভেম্বর ২৩ ১২:০৫:১৭
অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।গত ৪ নভেম্বর ব্যারিস্টার ফুয়াদের সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য ছিল। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি ওই দিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি।

পরে তার আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করা হলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে নতুন করে ২৩ নভেম্বর হাজির হওয়ার দিন ধার্য করেন।

এর আগে গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে তলব করা হয়। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি একপর্যায়ে মন্তব্য করেন, ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকার লেনদেন’ হচ্ছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।

এ অভিযোগের বিষয়ে ব্যারিস্টার ফুয়াদের ব্যাখ্যা শুনতেই আজ তাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। শুনানিতে তার বক্তব্য ও আদালতের পরবর্তী সিদ্ধান্ত কী হয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে