×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র

২০২৬ নভেম্বর ২২ ০৮:২৯:১১
বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র

নিজস্ব প্রতিবেদক: শপিংমলে ক্রেতা সংকট, ৭০ শতাংশ ছাড়েও পণ্য বিক্রি না হওয়া, কারখানা বন্ধ এবং বিপুলসংখ্যক মানুষের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা—দেশের অর্থনীতি নিয়ে সম্প্রতি এমন নানা খবর প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক পুনরুদ্ধারের কঠিন পর্যায়ে থাকলেও আগামী ২০ থেকে ৩০ বছরে দেশের অর্থনীতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

বাংলাদেশের অর্থনীতির বর্তমান সংকট, ব্যবসা-বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতা, বিদেশে যাওয়ার প্রবণতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা , বর্তমান পরিস্থিতি সাময়িকভাবে কঠিন হলেও দেশের বাজার, জনশক্তি ও ব্যবসার সুযোগ এখনো যথেষ্ট শক্তিশালী।

শপিংমল ফাঁকা, কিন্তু বাজারের বাস্তবতা ভিন্ন

গণমাধ্যমে শপিংমলগুলোতে ক্রেতা কমে যাওয়ার খবর দেখে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আমিন। তিনি জানান, নভেম্বরের দ্বিতীয় শুক্রবার মাগরিবের পর বসুন্ধরা সিটিতে গিয়ে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখতে পান। ঈদের আগের সময়ের মতো অনেক দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল। এমনকি দোকানদারদের ব্যস্ততার কারণে ঠিকমতো কথা বলার সুযোগও পাওয়া যাচ্ছিল না।

একইভাবে অর্থনৈতিক মন্দার কারণে অফ-সিজনে কম খরচে ভ্রমণের প্রত্যাশা নিয়ে পূজার ছুটির তিন দিন পর সোম, মঙ্গল ও বুধবার কক্সবাজারে যান তিনি। কিন্তু সেখানে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ভিড় দেখতে পান বলে জানান। তার ভাষ্য, গত বছরের পূর্ণ মৌসুমে যে ধরনের ছাড় পাওয়া গিয়েছিল, এবার তা-ও পাওয়া যায়নি।

তার মতে, শপিংমল বা প্রচলিত দোকানে ক্রেতা কমে যাওয়ার পেছনে শুধু অর্থনৈতিক সংকট দায়ী নয়। বরং মানুষের কেনাকাটার ধরন ও বাজার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে।

অনলাইন ব্যবসার প্রসারে বদলে যাচ্ছে কেনাকাটার ধরন

আমিনের মতে, পোশাক, জুতা, মোবাইল ফোন থেকে শুরু করে কোরবানির পশু পর্যন্ত মানুষ এখন অনলাইনে কিনছে। ফলে প্রচলিত দোকানের বিক্রি কমলেও অনলাইনভিত্তিক ব্যবসায় নতুন সুযোগ তৈরি হচ্ছে।

তিনি জানান, রেস্তোরাঁগুলোর সরাসরি বিক্রির তুলনায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি বেড়েছে। ফুডপান্ডার মতো প্ল্যাটফর্মে অনেক প্রতিষ্ঠানের বিক্রি দ্বিগুণ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া আগে যারা পাইকারি ব্যবসা করতেন, তাদের অনেকেই এখন অনলাইনে সরাসরি খুচরা ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন। বাজারের এই পরিবর্তনের সঙ্গে যারা নিজেদের ব্যবসাকে মানিয়ে নিতে পারছেন না, মূলত তারাই সংকটে পড়ছেন বলে মনে করেন তিনি।

অর্থনীতির সংকটের পেছনে আন্তর্জাতিক ৩ কারণ

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপের পেছনে তিনটি আন্তর্জাতিক কারণ চিহ্নিত করেছেন আমিন।

১. যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব

তার বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য সরবরাহে এ ধরনের অস্থিরতার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে।

২. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের অর্থনৈতিক দুর্বলতা

ইউরোপের দীর্ঘস্থায়ী যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতার কারণে দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি চাপে রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম বড় বাজার ইউরোপ। সেখানে ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় পোশাকের অর্ডার কমছে বা বাতিল হচ্ছে, যা দেশের রপ্তানি খাতকে প্রভাবিত করছে।

৩. কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও চাকরির সংকট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বজুড়ে কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। বিশেষ করে এন্ট্রি ও মিড-লেভেলের বিভিন্ন চাকরিতে কর্মী চাহিদা কমছে। শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষও এআইয়ের প্রভাবের মুখে পড়ছেন। উন্নত দেশগুলোও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হিমশিম খাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের অর্থনীতিতে চাপ তৈরির পেছনে ২ অভ্যন্তরীণ কারণ

আন্তর্জাতিক সংকটের পাশাপাশি দেশের অর্থনীতিতে চাপ তৈরির পেছনে দুটি অভ্যন্তরীণ কারণও তুলে ধরেন আমিন।

১. বিপুল পরিমাণ অর্থ পাচার

তার দাবি, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে গেছে, যার একটি বড় অংশ দেশে ফিরে আসেনি বা নতুন বিনিয়োগে ব্যবহৃত হয়নি। এর ফলে ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

২. দ্রুত রাজনৈতিক পরিবর্তন

তার মতে, স্বল্প সময়ের মধ্যে একাধিকবার সরকার পরিবর্তনের ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো নতুন করে গুছিয়ে নিতে সময় প্রয়োজন। ফলে কোনো নতুন সরকারের পক্ষেই অল্প সময়ের মধ্যে অর্থনীতির সব সংকট সমাধান করা সম্ভব নয়।

বিদেশে গেলেই ভালো ভবিষ্যৎ, এমন ধারণা ঠিক নয়

বিদেশে পাড়ি জমানোর প্রবণতা নিয়েও সতর্ক করেছেন ইয়াহিয়া আমিন। তার মতে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশের অর্থনীতিও বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিপুল অর্থ ব্যয় করে বিদেশে পড়তে যাচ্ছেন। কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগেই দেশটির সরকারি নীতিতে পরিবর্তন আসায় চাকরি, স্থায়ী বসবাস কিংবা নাগরিকত্ব পাওয়ার সুযোগ অনিশ্চিত হয়ে পড়ছে। কেউ কেউ শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

তাই শুধু বিদেশে ভালো সুযোগ রয়েছে—এমন ধারণা থেকে দেশ ছাড়ার সিদ্ধান্ত না নিয়ে সম্ভাব্য চাকরি, পড়াশোনা, আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

আগামী ২০-৩০ বছরে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা

স্বল্পমেয়াদে আগামী দুই থেকে তিন বছর বাংলাদেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। তবে দীর্ঘমেয়াদে আগামী ২০ থেকে ৩০ বছরে দেশের অর্থনৈতিক সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলে মনে করেন আমিন।

এর পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন তিনি।

জনমিতিক সুবিধা ও বিশাল ভোক্তা বাজার: বাংলাদেশে বিপুল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী রয়েছে। সরকার পরিবর্তন বা অর্থনৈতিক সংকটের মধ্যেও মানুষের খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য সেবা খাতে চাহিদা অব্যাহত থাকে। বৃহত্তর ঢাকায় বিপুলসংখ্যক মানুষের বসবাস দেশের ব্যবসা-বাণিজ্যে বড় বাজার তৈরি করেছে। ফলে বৈধভাবে ব্যবসা ও ক্যারিয়ার গড়ার সুযোগ এখনো রয়েছে।

প্রবাসী মেধা ও বিনিয়োগ দেশে ফেরার সম্ভাবনা: ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি এবং বিদেশে উচ্চশিক্ষা নেওয়া পেশাজীবী দেশে ফিরে কাজ করছেন বা বিনিয়োগ করছেন। ভবিষ্যতে এ প্রবণতা আরও বাড়তে পারে, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

এআইয়ের প্রভাব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা: বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা দেশগুলোর মতো পুরোপুরি প্রযুক্তিনির্ভর নয়। ফলে এআইয়ের কারণে কর্মসংস্থানে তাৎক্ষণিক বড় ধাক্কা তুলনামূলক কম লাগতে পারে। একই সঙ্গে উৎপাদন, সেবা, ব্যবসা ও স্থানীয় বাজারভিত্তিক বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

বাংলাদেশের মাথাপিছু জিডিপি এবং অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্যেও টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

সংকটের মধ্যেই রয়েছে নতুন সুযোগ

বিশ্বজুড়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশে ব্যবসা, বিনিয়োগ ও ক্যারিয়ার গড়ার সুযোগ শেষ হয়ে যায়নি। বরং বাজারের পরিবর্তন বুঝে নতুন প্রযুক্তি, অনলাইন ব্যবসা এবং মানুষের চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারলে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান সংকটকে দীর্ঘমেয়াদি হতাশার কারণ হিসেবে না দেখে সঠিক প্রস্তুতি, দক্ষতা অর্জন ও পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো উচিত। আগামী ২০ থেকে ৩০ বছরে বাংলাদেশে ব্যবসা ও ক্যারিয়ার গড়ার বড় সুযোগ তৈরি হতে পারে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে