×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য

২০২৬ নভেম্বর ২১ ১৯:৪৭:১৪
স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত স্থাপনা (কেপিআই) যমুনা অয়েল কোম্পানিতে স্থায়ী জনবলকে বসিয়ে রেখে ‘নো ওয়ার্ক নো পে’ ভিত্তিতে কাজ করানো হচ্ছে ৬১৮ জন অস্থায়ী শ্রমিক-কর্মচারীকে। নিয়মবহির্ভূত এই বিশাল অস্থায়ী বহরের পেছনে প্রতিষ্ঠানটির বছরে গচ্চা যাচ্ছে সাড়ে ১২ কোটি টাকা। অভিযোগ উঠেছে, মূলত শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নেতাদের প্রবল চাপেই এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। স্পর্শকাতর এই প্রতিষ্ঠানে স্থায়ী কর্মীদের নিষ্ক্রিয় রেখে অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ করানোয় অর্থের অপচয়ের পাশাপাশি রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিয়েও গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যমুনা অয়েলের প্রধান কার্যালয়, প্রধান স্থাপনা ও ১৮টি ডিপোসহ (কেপিআই-১) ঢাকা, খুলনা ও বগুড়ার বিভিন্ন দপ্তরে এই ৬১৮ জন অস্থায়ী কর্মী নিয়োজিত রয়েছেন। কোনো ধরনের বিধিবিধানের তোয়াক্কা না করেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁদের তদারকিতেও রয়েছে চরম উদাসীনতা। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তাকর্মী মিলিয়ে মোট ৪২৯ জন স্থায়ী জনবল রয়েছেন।

যমুনা অয়েলের দাপ্তরিক নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ‘নো ওয়ার্ক নো পে’ চুক্তিতে নিয়োজিত ৬১৮ জনের মধ্যে কন্ট্রাক্টর ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন ৩৬৮ জন (৪৯ জন কর্মচারী ও ৩০৯ জন শ্রমিক)। এ ছাড়া ডিএস বা স্থানীয়ভাবে নিযুক্ত ক্যাজুয়াল রয়েছেন ১৯৯ জন (২৮ জন কর্মচারী ও ১৭১ জন শ্রমিক) এবং কোম্পানি ক্যাজুয়াল হিসেবে আছেন ৬১ জন (১৫ জন কর্মচারী ও ৪৬ জন শ্রমিক)। অন্যদিকে, প্রতিষ্ঠানের ৪২৯ জন স্থায়ী জনবলের মধ্যে ১৩৪ জন কর্মকর্তা, ৭৮ জন কর্মচারী, ১৬৪ জন শ্রমিক এবং নিরাপত্তা বিভাগে ৫৩ জন কর্মরত। পরিসংখ্যান বলছে, যমুনা অয়েলে স্থায়ী জনবলের চেয়ে অস্থায়ী শ্রমিক-কর্মচারীর সংখ্যাই ১৮৯ জন বেশি।

সংশ্লিষ্ট মহলের মতে, কেপিআই-১ মানের মতো অতি সংবেদনশীল রাষ্ট্রীয় স্থাপনায় স্থায়ী কর্মীদের বসিয়ে রেখে অস্থায়ী ও তদারকিহীন লোকবল দিয়ে কাজ করানো বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটিতে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মুনমুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনছুর আলম জানান, তাঁরা কেবল কোম্পানির চাহিদা অনুযায়ী শ্রমিক সরবরাহ করেন এবং নিয়মমাফিক বিল দাখিল করেন।

তবে ভেতরের খবর বলছে ভিন্ন কথা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, মূলত সিবিএ নেতা ও রাজনৈতিক প্রভাবশালীরাই এসব অস্থায়ী শ্রমিক সরবরাহের নেপথ্যে থাকেন। এই ক্ষেত্রে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়। সিবিএ নেতাদের মধ্যে যাঁর প্রভাব যত বেশি, তিনি তত বেশি শ্রমিক ঢোকানোর সুযোগ পান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক শ্রমিকনেতাও বিষয়টি স্বীকার করে জানান, যখন যাঁরা সিবিএ-র নেতৃত্বে থাকেন, তাঁদের চাপাচাপিতেই প্রশাসন এসব অস্থায়ী কর্মী নিতে বাধ্য হয় এবং এই নিয়োগ বাণিজ্যে বড় অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি প্রতিষ্ঠানের সবারই জানা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে