×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান

২০২৬ নভেম্বর ২১ ১০:১৯:০১
শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক: ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, ক্যানসার চতুর্থ পর্যায়ে বা ফোর্থ স্টেজে রয়েছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোয় অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন বিদেশে অবস্থানরত শামীম ওসমান। সেখানে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’

নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামীম ওসমান বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

তার অসুস্থতার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তবে এ নিয়ে কারও আনন্দিত না হওয়ার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য। এ সময় অতীতে নিজের ওপর একাধিক হামলা ও হত্যাচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

নিজের অসুস্থতার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামীম ওসমান। তার দাবি, দেশের চলমান পরিস্থিতি ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও মন্তব্য করেন শামীম ওসমান। তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটি দলটিকে দুর্বল করে দিয়েছে।

কেন্দ্রের ভুল সিদ্ধান্তের পাশাপাশি দলের অভ্যন্তরীণ বিভাজনও সাংগঠনিক শক্তি কমিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাবেক এই সংসদ সদস্য।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান।

তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি তার আগে মারা যান, তাহলে সেই দৃশ্য দেখে যেতে না পারার আফসোস থেকে যাবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে তিনি দেশ ছেড়ে বিদেশে অবস্থান নেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং সেসব মামলার বিচারপ্রক্রিয়া চলছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে