×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়

২০২৬ নভেম্বর ২০ ২২:০৯:০১
বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়

নিজস্ব প্রতিবেদক: আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের প্রচলিত ব্যাংকিং কার্যক্রম থেকে যে আয় হয়, তা দিয়েই নিজেদের কর্মীদের বেতন-ভাতার ৪০ শতাংশও পূরণ করতে পারছে না শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট সুদ আয় ৬৬ শতাংশ কমে গেলেও সরকারি ট্রেজারি বিল, বন্ড ও বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ বাড়িয়ে ৬৬ শতাংশ বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে মূল ব্যবসার দুর্বলতা আড়াল করে বিনিয়োগ ও অন্যান্য পরিচালন আয়ের ওপর ভর দিয়েই নিট মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে ব্যাংকটি। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ চিত্র সামনে এসেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এমটিবির নিট সুদ আয় ছিল ৭৮৬ কোটি ৭১ লাখ টাকা, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ২৬৫ কোটি ৩৮ লাখ টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতে আয় কমেছে ৫২১ কোটি ৩৩ লাখ টাকা বা প্রায় ৬৬ শতাংশ। ঋণ ও আমানত ব্যবস্থাপনা থেকে আয় করার সক্ষমতায় এ বড় পতন নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

মূল ব্যবসার আয়েই বেতনের সংকুলান হচ্ছে না

২০২৫ সালে এমটিবির নিট সুদ আয় যেখানে ছিল মাত্র ২৬৫ কোটি ৩৮ লাখ টাকা, সেখানে একই সময়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় হয়েছে ৬৭৪ কোটি ৪২ লাখ টাকা। হিসাব বলছে, মূল ব্যাংকিং আয়ের মাধ্যমে বেতন-ভাতা ব্যয়ের মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মেটানো গেছে এবং অবশিষ্ট প্রায় ৬১ শতাংশের জন্য বিনিয়োগসহ অন্যান্য খাতের আয়ের ওপর নির্ভর করতে হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাই ব্যাংকটির একমাত্র পরিচালন ব্যয় নয়; ২০২৫ সালে তা মিলিয়ে মোট পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ কোটি ৬৯ লাখ টাকা। পাশাপাশি ঋণের বিপরীতে প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণে আরও ৭১৮ কোটি ৩২ লাখ টাকা ব্যয় হওয়ায় আয় ও ব্যয়ের কাঠামোয় বড় ধরনের ফারাক তৈরি হয়েছে।

বিনিয়োগ বাড়িয়ে আয় ধরে রাখার কৌশল

মূল ব্যাংকিং কার্যক্রমে আয় সংকুচিত হওয়ার প্রেক্ষাপটে এমটিবি বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে এবং সরকারি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, প্রাইজ বন্ডসহ বিভিন্ন সিকিউরিটিজে অর্থ খাটিয়ে আয় বাড়ানোর পথে হেঁটেছে।

২০২৪ সালে ব্যাংকটির মোট বিনিয়োগ ছিল ১০ হাজার ৪৫২ কোটি ৪ লাখ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ১২ হাজার ৫০৭ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরে বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৫৫ কোটি ৯৪ লাখ টাকা বা প্রায় ২০ শতাংশ।

বিনিয়োগ বাড়ার পাশাপাশি এ খাত থেকে আসা আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে বিনিয়োগ থেকে যেখানে এমটিবির আয় ছিল ৮৬৭ কোটি ১৬ লাখ টাকা, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ৪৩ লাখ টাকায়। এক বছরে এ খাতে আয় বেড়েছে ৫৭০ কোটি ২৭ লাখ টাকা বা প্রায় ৬৬ শতাংশ।

এছাড়া ২০২৫ সালে কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ খাত থেকে ৩৫৯ কোটি ৩৭ লাখ টাকা এবং অন্যান্য পরিচালন খাত থেকে আরও ১৪২ কোটি ২১ লাখ টাকা আয় করেছে ব্যাংকটি। সামগ্রিক মুনাফা ধরে রাখতে এসব আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিনিয়োগ আয়ের ওপর ভর করেই মুনাফা

মূল ব্যাংকিং আয়ে বড় ধাক্কা লাগলেও এমটিবির নিট মুনাফা কমেনি, বরং সামান্য বেড়েছে। ২০২৪ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৩১১ কোটি ৬ লাখ টাকা, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ কোটি ৮৬ লাখ টাকায়—অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৫ কোটি ৮০ লাখ টাকা বা প্রায় ৫ শতাংশ।

তবে নিট মুনাফার এই সামান্য বৃদ্ধির আড়ালে মূল আয়ের চিত্র ভিন্ন। নিট সুদ আয় ৬৬ শতাংশ কমার বিপরীতে বিনিয়োগ আয় বেড়েছে ৬৬ শতাংশ, যা স্পষ্ট করে যে ঋণ ও আমানতনির্ভর আয়ের বদলে বিনিয়োগ এবং অন্যান্য পরিচালন আয়ের ওপর নির্ভর করেই মুনাফা ধরে রাখা হয়েছে।

দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে অর্থ রাখার তথ্য

এমটিবির আর্থিক বিবরণীতে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানিতে রাখা ৪৮৬ কোটি ৯৫ লাখ টাকার বিনিয়োগের তথ্য উঠে এসেছে, যার মধ্যে কয়েকটি দুর্বল ও সংকটাপন্ন প্রতিষ্ঠানে রাখা অর্থের বিষয়টি বিশেষভাবে চোখে পড়েছে। ২০২৫ সালে ইউনিয়ন ক্যাপিটালে ৫ কোটি ৮৯ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্সে ৪ কোটি ২৪ লাখ টাকা এবং এক্সিম ব্যাংকে ২৮ কোটি ৮৩ লাখ টাকা রাখা ছিল ব্যাংকটির।

সংকটাপন্ন প্রতিষ্ঠানে রাখা এসব অর্থের ঝুঁকি যাচাইয়ে বিনিয়োগের ধরন, মেয়াদ, নিরাপত্তা ও আদায়যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব বিনিয়োগের সম্ভাব্য ঝুঁকি বা আদায় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় প্রকৃত ঝুঁকি নির্ণয় করা সম্ভব নয়।

ঋণ-আমানত বাড়লেও বিনিয়োগের প্রবৃদ্ধি বেশি

গত পাঁচ বছরের আর্থিক উপাত্ত বিশ্লেষণে এমটিবির ঋণ, আমানত ও বিনিয়োগের প্রবৃদ্ধিতে স্পষ্ট তারতম্য দেখা যায়। ২০২০ সালে ব্যাংকটির ঋণ ছিল ১৯ হাজার ৯১০ কোটি ১৪ লাখ টাকা, আমানত ছিল ১৮ হাজার ৯২২ কোটি ৮ লাখ টাকা এবং বিনিয়োগ ছিল ৩ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৬৬ কোটি ২৫ লাখ টাকায় এবং আমানত বেড়ে হয়েছে ৩৬ হাজার ৪৩৩ কোটি ১৪ লাখ টাকা, যার মধ্যে ফিক্সড ডিপোজিট ২০ হাজার ৪৩৩ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৭ কোটি ৯৮ লাখ টাকায়।

পাঁচ বছরের ব্যবধানে আমানত বেড়েছে ১৭ হাজার ৫১১ কোটি ৬ লাখ টাকা বা প্রায় ৯৩ শতাংশ এবং ঋণ বেড়েছে ১১ হাজার ৪৫৬ কোটি ১১ লাখ টাকা বা প্রায় ৫৮ শতাংশ। এর বিপরীতে বিনিয়োগ বেড়েছে ৮ হাজার ৯৬৯ কোটি ৭৯ লাখ টাকা বা প্রায় ২৫৪ শতাংশ, যা ঋণ ও আমানতের তুলনায় অনেক বেশি এবং ব্যাংকটির ক্রমবর্ধমান বিনিয়োগনির্ভরতাকেই তুলে ধরে।

মূলধন ও সম্পদের চিত্র

২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে এমটিবির পরিশোধিত মূলধন ছিল ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ টাকা এবং নিট সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৯৮৩ কোটি ৬৭ লাখ টাকা। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বর্তমানে ৪৪টি শাখা ও ১০টি এসএমই সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।

আয়ের কাঠামোয় ভারসাম্য ফেরানোই বড় চ্যালেঞ্জ

২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে বলছে, নিট মুনাফা ইতিবাচক থাকলেও মূল ব্যাংকিং আয়ে বড় পতন ঘটেছে এমটিবির। বিশেষ করে নিট সুদ আয় দিয়ে কর্মীদের বেতন-ভাতার অর্ধেকও পূরণ করতে না পারা ব্যাংকটির আয় কাঠামোর দুর্বলতাকেই নির্দেশ করে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে