×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ

২০২৬ নভেম্বর ২০ ২১:৪৬:৫২
বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বহুজাতিক প্রতিষ্ঠানের আন্তঃসীমান্ত লেনদেনের আড়ালে মুনাফা স্থানান্তর এবং কর ফাঁকির প্রবণতা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই লক্ষ্যে সংস্থাটির আন্তর্জাতিক কর শাখাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। ২০১৪ সালে গঠিত ট্রান্সফার প্রাইসিং (টিপি) সেলকে নতুন আন্তর্জাতিক কর ইউনিটের (আইটিইউ) আওতায় নেওয়া হচ্ছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সরকারি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক কর ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে চায় এনবিআর। নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কার্যালয় ভাড়া নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক করসংক্রান্ত কাজগুলো আরও সমন্বিত ও গতিশীল করা সম্ভব হবে।

আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর রাজস্ব মিলিয়ে বাংলাদেশের ক্ষতির পরিমাণ প্রায় ১২৭ কোটি ডলার। এর মধ্যে করপোরেট কর থেকেই হারিয়েছে প্রায় ১২০ কোটি ডলার। এই বিপুল রাজস্ব ক্ষতি কমানোই নতুন উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

এনবিআরের এক পদস্থ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক কর ইউনিট গঠনের প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আন্তর্জাতিক করসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান পর্যালোচনা করা হবে। বিশেষ করে ট্রান্সফার প্রাইসিং কার্যকর করতে আয়কর আইনে কোনো সংশোধন প্রয়োজন কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি শুধু বহুজাতিক প্রতিষ্ঠান নয়, দেশীয় কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমেও মুনাফা স্থানান্তর হচ্ছে কি না, সেটিও পর্যবেক্ষণ করবে টিপি সেল। এ জন্য আন্তর্জাতিক করবিধি আরও কার্যকর ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআরের বিভিন্ন পর্যালোচনায় দেশে শাখা ও লিয়াজোঁ অফিসসহ অন্তত ৫০০টি বিদেশি কোম্পানির কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। টিপি সেলের নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লেনদেনের বিবরণী (এসআইটি) জমা দেওয়ার কথা রয়েছে। তবে গত তিন বছর ধরে বহুজাতিক কোম্পানির কার্যক্রম পর্যবেক্ষণ এবং এসআইটি সংগ্রহের মাধ্যমে ট্রান্সফার প্রাইসিং আইন কার্যকর করার উদ্যোগ অনেকটাই স্থবির হয়ে আছে। নতুন ইউনিটের মাধ্যমে সেই কার্যক্রম আবার সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন ইউনিটের দায়িত্ব ও কাজের পরিধি নির্ধারণে আপিল কমিশনার শাহ আলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে এনবিআর। ইউনিটটি নির্বাহী শাখা হিসেবে বহুজাতিক কোম্পানিগুলোকে করসংক্রান্ত সেবা দেওয়ার পাশাপাশি তাদের নথিপত্র ও কার্যক্রম তদারক করবে। এরই মধ্যে ইউনিটের দলনেতা হিসেবে একজন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের ৩৩টি কর অঞ্চলে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের করসংক্রান্ত নথি সংরক্ষিত রয়েছে। এসব নথি নতুন আন্তর্জাতিক কর ইউনিটের অধীনে কেন্দ্রীভূত করার পরিকল্পনা করছে এনবিআর। অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের নথি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কাছে থাকলেও অন্যান্য কর অঞ্চলও কিছু প্রতিষ্ঠানের করসংক্রান্ত বিষয় দেখভাল করে। অন্যদিকে বিদেশি নাগরিকদের আয়কর রিটার্ন ও কর পরিশোধের তথ্য বর্তমানে কর অঞ্চল-১১ তদারক করে। দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় সনদ প্রদান, বিদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের কর ছাড়পত্র এবং কর কার্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার কাজও নতুন ইউনিটের মাধ্যমে এককভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বহুজাতিক কোম্পানির আন্তঃসীমান্ত লেনদেনের মাধ্যমে মুনাফা সরিয়ে কর ফাঁকি বন্ধের উদ্দেশ্যে ২০১৪ সালে ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত বিধান চালু করা হয়। এই বিধান বাস্তবায়নে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে কারিগরি সহায়তাও পেয়েছিল এনবিআর। কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই পরবর্তী সময়ে বিভিন্ন কর অঞ্চলে বদলি হওয়ায় টিপি সেলের কার্যক্রম কার্যত অকার্যকর হয়ে পড়ে।

প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রান্সফার প্রাইসিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তারা বর্তমানে আর টিপি সেলে কর্মরত নেই। তাঁর মতে, প্রশিক্ষণের কার্যকর সুফল পেতে নির্দিষ্টসংখ্যক কর্মকর্তাকে টিপি সেল অথবা আন্তর্জাতিক কর ইউনিটে স্থায়ীভাবে দায়িত্ব দিতে হবে। অন্যথায় দক্ষতা অর্জনের পরও তা কাজে লাগানো সম্ভব হবে না।

এনবিআর সূত্রে জানা গেছে, ট্রান্সফার প্রাইসিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনার জন্য পোল্যান্ডের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার আগ্রহও প্রকাশ করেছে প্রতিনিধিদলটি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও কর ফাঁকির অন্যতম কৌশল হলো আমদানি-রপ্তানিতে পণ্যের মূল্য প্রকৃত দামের চেয়ে কম বা বেশি দেখানো। আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার, করভিত্তি ক্ষয় এবং মুনাফা স্থানান্তরের (বিইপিএস) ঘটনা এখন বৈশ্বিক কর ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) চিহ্নিত এসব কৌশল মোকাবিলায় আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও কার্যকর নজরদারি বাড়ানো জরুরি হয়ে উঠেছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে