×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক

২০২৬ নভেম্বর ২০ ২১:৩০:৩৬
এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: কোর ব্যাংকিং সফটওয়্যারের পাওনা পরিশোধ না করায় আন্তর্জাতিক সালিশি আদালতে মামলার মুখে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক, যা তারল্য সংকটের মধ্যে ব্যাংকটির জন্য নতুন বিপত্তি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এই সেবার ধারাবাহিকতা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ব্যাংকটির ২০ লাখের বেশি গ্রাহকের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে জমা-উত্তোলন, এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো সেবাগুলো ব্যাহত হওয়ার শঙ্কা জোরালো হয়েছে।

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) নথিপত্র অনুযায়ী, ব্যাংকটিতে ব্যবহৃত ‘টেমেনোস’ কোর ব্যাংকিং সফটওয়্যারের সরবরাহকারী সিঙ্গাপুরের এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এই মামলা দায়ের করেছে। এতে ন্যাশনাল ব্যাংক পিএলসি ছাড়াও সুইজারল্যান্ডভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কে বিবাদী করা হয়েছে।

নথির তথ্য বলছে, ২০১৯ সালের ডিসেম্বরের চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ জমা দেওয়া হয় এবং মামলা দুটির নম্বর হলো এআরবি ৫১৬/২৬/এমএনএইচ ও এআরবি ৫১৭/২৬/এমএনএইচ। এর ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সফটওয়্যারটির লাইসেন্স ফি, বার্ষিক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবার জন্য ২০১৯ সালে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ন্যাশনাল ব্যাংক। চুক্তি অনুযায়ী নিয়মিত অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও ২০২৪ সাল থেকে রক্ষণাবেক্ষণ ফি ও সংশ্লিষ্ট পাওনা বকেয়া পড়ে এবং বারবার তাগাদা সত্ত্বেও পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের মতে, একটি ব্যাংকের দৈনন্দিন প্রায় সব লেনদেন ও পরিচালনাগত কাজ কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভরশীল। হিসাব সংরক্ষণ, টাকা জমা ও উত্তোলন, শাখায় শাখায় লেনদেন, এটিএম, ডেবিট-ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ এই সফটওয়্যারের মাধ্যমেই হয়ে থাকে।

এই সফটওয়্যারের সেবা সীমিত বা বন্ধ হয়ে গেলে কেবল নির্দিষ্ট কোনো শাখা নয়, বরং পুরো ব্যাংকের লেনদেন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে। ডিজিটাল ব্যাংকিং, হিসাব ব্যবস্থাপনা ও ফান্ড ট্রান্সফারে বিঘ্ন ঘটলে আগে থেকেই তারল্য সংকটে ভোগা ব্যাংকটির আমানতকারীদের ভোগান্তি আরও চরমে পৌঁছাতে পারে।

নতুন এই জটিলতার খবর প্রকাশ্যে আসায় গ্রাহকদের মধ্যে বাড়তি দুশ্চিন্তা তৈরি হয়েছে। তারল্য সংকটের কারণে এমনিতেই প্রয়োজনের সময় টাকা তোলা নিয়ে অনিশ্চয়তা থাকায়, কোর ব্যাংকিং সফটওয়্যার নিয়ে কোনো সমস্যা হলে ব্যাংকিং সেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের পর্ষদে রদবদল আনা হলেও আর্থিক সংকট পুরোপুরি দূর হয়নি। আমানতকারীদের পাওনা পরিশোধের উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্টের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার পদক্ষেপ নেয়।

এত বড় অঙ্কের তারল্য সহায়তার উদ্যোগের মাঝেও ব্যাংকের অপরিহার্য সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ফি বকেয়া থাকার বিষয়টি নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে জরুরি প্রযুক্তিগত সেবার বিল কেন দীর্ঘদিন ধরে পরিশোধ করা হয়নি, তা নিয়েও আলোচনা ও উদ্বেগ রয়েছে।

সব মিলিয়ে তারল্য সংকটের পাশাপাশি সফটওয়্যার সরবরাহকারীর সঙ্গে চুক্তিগত বিরোধ ন্যাশনাল ব্যাংকের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিরোধ দ্রুত নিষ্পত্তি করে কোর ব্যাংকিং সেবার ধারাবাহিকতা রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি; অন্যথায় ব্যাংকটির লাখ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে