×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ

২০২৬ নভেম্বর ২০ ১৯:১৪:২১
‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্ত, আচরণ ও বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন সাংবাদিক শাহেদ আলম। লেখায় প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন, ট্রাফিক আইন মেনে চলা, সাধারণ কর্মীদের প্রতি আন্তরিকতা এবং নিজেকে সমালোচনার ঊর্ধ্বে না রাখার মানসিকতার কথা তুলে ধরেছেন তিনি।

সেখানে তারেক রহমানের সঙ্গে এক টেবিলে বসে দুপুরের খাবার খাওয়া থেকে শুরু করে গাড়িতে সংসদে যাওয়ার অভিজ্ঞতা, রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং প্রধানমন্ত্রী হিসেবে তার বিশেষ অনুরোধের কথা তুলে ধরেন এই সাংবাদিক।

শাহেদ আলমের বর্ণনা অনুযায়ী, একদিন দুপুরে তারেক রহমান তাকে নিজের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়ার সুযোগ দেন। সেদিন খাবারের তালিকায় ছিল জুবাইদা রহমানের পাঠানো দুটি পদ এবং সচিবালয়ের ক্যান্টিন থেকে নেওয়া আরও দুটি পদ।

দুপুরের খাবার শেষে চা খাওয়ার প্রস্তাব দেন তারেক রহমান। এরপর তাকে সঙ্গে নিয়েই সংসদের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সচিবালয় থেকে শাহবাগ পর্যন্ত টয়োটা গাড়িতে যাত্রার সময় প্রধানমন্ত্রী সামনের আসনে বসেছিলেন। চালকের আসনে ছিলেন নব ভাই। পেছনে বসেছিলেন শাহেদ আলম, একজন নিরাপত্তারক্ষী ও পিএস মেহেদুল।

শাহেদ আলম জানান, পুরো যাত্রায় গাড়ির একবারও হর্ন বাজানো হয়নি। এমনকি শাহবাগে পৌঁছানোর সময় সামনের নিরাপত্তা প্রটোকলের গাড়িটি লালবাতি অতিক্রম করতে চাইলেও প্রধানমন্ত্রীর গাড়ি ট্রাফিক সিগন্যাল মেনে থেমে যায়।

বিষয়টি দেখে তারেক রহমান পেছনে বসা মেহেদুলের কাছে জানতে চান, সামনের গাড়িটি কেন ট্রাফিক আইন অমান্য করল। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

গাড়িতে যাওয়ার সময় তারেক রহমান শাহেদ আলমকে গান শোনার প্রস্তাব দেন এবং তার পছন্দের গান চালাতে বলেন। রেডিও টিউন করার পর তাহসানের একটি গান বেজে ওঠে। গান শুনতে শুনতে প্রধানমন্ত্রী ফাইল পড়ছিলেন, কথাবার্তা বলছিলেন এবং রাস্তার মানুষের অভিবাদন উপভোগ করছিলেন।

সংসদের পেছনের রাস্তায় পৌঁছানোর পর ঘাস পরিষ্কার করছিলেন তিন-চারজন কর্মচারী। প্রধানমন্ত্রীর গাড়ি দেখে তারা কাজের জায়গায় বসেই সালাম দেন। তারেক রহমানও হাসিমুখে তাদের সালামের জবাব দেন। শাহেদ আলমের লেখায় এই ছোট ঘটনাটিও প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিক আচরণের একটি উদাহরণ হিসেবে উঠে এসেছে।

শাহেদ আলম লেখেন, পরদিন দুপুরের খাবার শেষে বেরিয়ে আসার সময় তারেক রহমান তাকে ডেকে একটি বিশেষ অনুরোধ করেন। সাংবাদিক ও টক শো আলোচক হিসেবে পরিচিত শাহেদ আলমকে তিনি বলেন, কেউ যেন প্রধানমন্ত্রীকে ‘এঞ্জেল’ বা দেবতাসুলভ এমন কোনো অবস্থানে নিয়ে না যায়, যেখানে তার সমালোচনা করা যাবে না।

এই অনুরোধের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের ঊর্ধ্বে না রাখা এবং সমালোচনার সুযোগ অক্ষুণ্ন রাখার বিষয়ে তারেক রহমানের মনোভাব তুলে ধরেছেন শাহেদ আলম।

স্মৃতিচারণমূলক পোস্টে বর্তমান সরকারের রাজনৈতিক পরিস্থিতি ও আচরণের সঙ্গে শেখ হাসিনার শাসনামলের তুলনাও করেছেন শাহেদ আলম। তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির সরকার সমর্থক কয়েকজন সন্ত্রাসী পাঁচজনকে হত্যা করেছে এবং দুটি থানা পুড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতেও সরকার এখন পর্যন্ত কাউকে গুলি করেনি বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

শাহেদ আলমের মন্তব্য, তিন বছর আগে এমন পরিস্থিতি তৈরি হলে এক রাতেই অন্তত ২০০ জন নিহত হতে পারতেন। শেখ হাসিনা ও তারেক রহমানের সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরতে গিয়ে তিনি রাজনৈতিক সংযম, মানবিকতা, সহনশীলতা, ঠান্ডা মাথায় রাজনীতি করা এবং দেশের প্রতি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন।

তার ভাষায়, দুই সরকারের পার্থক্য শুধু রাজনৈতিক অবস্থানে নয়; বরং শিরদাঁড়া, মানবিকতা, সহনশীলতা ও পরিবর্তনের বার্তাতেও রয়েছে।

লন্ডনে তোলা একটি ছবির স্মৃতি তুলে ধরে শাহেদ আলম লেখেন, তখন তারেক রহমান তাদের কাছে ছিলেন ‘ভাই’। কিন্তু এখন তিনি সরকারপ্রধান হওয়ায় নিজের শিক্ষকদের বাইরে একমাত্র তাকেই ‘স্যার’ বলে সম্বোধন করেন।

তবে ক্ষমতাবানদের সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা ক্ষমতার ভাগ নেওয়ার সন্দেহ এড়াতে বর্তমানে তিনি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করেন বলেও জানান। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তার দৃষ্টির বাইরে থাকার চেষ্টা করেন তিনি।

এরপরও বর্তমান সরকারকে নিজের ত্যাগ ও ভালোবাসার ফসল হিসেবে উল্লেখ করে শাহেদ আলম বলেন, বিপদ-আপদ থেকে সরকারকে রক্ষা করতে তিনি নিজের অবস্থান থেকে কথা বলে যাবেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানকে ‘বাংলাদেশের হোপ’ (বাংলাদেশের আশা) হিসেবে অভিহিত করেন তিনি। ৬২ বছরে পা রাখা প্রধানমন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়ে লেখাটি শেষ করেন শাহেদ আলম।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে