×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি

২০২৬ নভেম্বর ২০ ১১:১৬:১২
আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর দাবি করে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেছে বাহিনীটি।

শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহ করতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে ভয়ভীতি দেখায় এবং তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয় বলে দাবি করেছে আনসার বাহিনী। পরে ছিনিয়ে নেওয়া খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাহিনীটির দাবি, আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টি রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাবার সরবরাহের সঙ্গে জড়িত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি দেখানো এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনাকে রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এতে প্রকৃত ঘটনার প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ বাহিনীটির।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে