×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি

২০২৬ নভেম্বর ১৯ ২০:১১:৫৫
জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, রক্তদান কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ও জ্বালাও-পোড়াও শুরু করেছে। একই সঙ্গে পোশাকশিল্পের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নয়, ২২টি জেলায় সংঘাত ও সহিংসতা ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, সরকারের ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কর্মসূচি ঘোষণা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। সহিংসতার পরিবর্তে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের মোকাবিলা করা হবে এবং ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না।

জামায়াতের ঘোষিত ৪০ দিনের কর্মসূচি

নভেম্বর ও ডিসেম্বরের কর্মসূচি

- ২১ নভেম্বর: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল।

- ২৫ নভেম্বর: ঢাকা ছাড়া ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মহিলা বিভাগের মানববন্ধন।

- ২৬ নভেম্বর: জেলা সংগঠনের উদ্যোগে জেলা সদরে সমাবেশ ও মিছিল।

- ২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

- ৩০ নভেম্বর: দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।

- ২ ডিসেম্বর: পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

- ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

- ৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

- ১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

- ১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

- ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

বিজয়ের মাস উপলক্ষে ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বিজয় র‍্যালি, দোয়া, রক্তদান ও মেডিক্যাল ক্যাম্প।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

- ১৫ ডিসেম্বর: ঢাকায় আলোচনা সভা।

- ১৬ ডিসেম্বর: রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি।

- ১৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

- ২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

- ২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

- ২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

- ২৬ থেকে ৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প। পাশাপাশি যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হবে।

রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় দিবস এবং সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করে ঘোষিত এসব কর্মসূচির মাধ্যমে ডিসেম্বরজুড়ে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায় জামায়াতে ইসলামী।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে