×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস

২০২৬ নভেম্বর ১৮ ১২:৪১:২৬
যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফফর হোসেন স্পিনিংয়ের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ও বিক্রয় কার্যক্রম ব্যাহত হওয়ায় আয় ও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। তবে একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটেড প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় ৭৫ শতাংশ কমেছে।

কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে বিক্রয় আয় ও ইপিএস কমেছে। এর প্রধান কারণ ছিল গ্যাস সরবরাহে বিঘ্ন। গ্যাস সংকটের কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বিক্রয়মূল্যও হ্রাস পায়। এতে কোম্পানির রাজস্ব আয় ও মুনাফা কমে গেছে।

তবে মুনাফা কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এনওসিএফপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা।

কোম্পানির তথ্যমতে, আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে বিক্রয় ও অন্যান্য উৎস থেকে নগদ অর্থ সংগ্রহের পরিমাণ বেড়েছে। এ কারণে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৩ পয়সা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২০ টাকা ৭৮ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে