×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা

২০২৬ নভেম্বর ১৮ ১০:৩১:২০
কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার একটি অ্যাপার্টমেন্টের কাপড় ধোয়ার ঘরে আটকে পড়েছিলেন তিন রংমিস্ত্রি। ভেতর থেকে দরজা খোলার উপায় না পেয়ে শেষ পর্যন্ত খাবার সরবরাহের অ্যাপে কফি অর্ডার করেন তারা। তবে কফি পান নয়, ডেলিভারিকর্মীর সাহায্য পাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।

ঘটনাটি গত ১০ নভেম্বর দক্ষিণ কোরিয়ার দক্ষিণ চুংচং প্রদেশের ছেওনান শহরের একটি আবাসিক ভবনে ঘটেছে। সেখানে রং করার কাজ করছিলেন তিন কর্মী। কাজের একপর্যায়ে তারা ভবনের কাপড় ধোয়ার ঘরে আটকা পড়েন। ঘরটির দরজায় বাইরে থেকে খোলার ব্যবস্থা থাকলেও ভেতর থেকে তা খোলার সুযোগ ছিল না। ফলে চেষ্টা করেও বের হতে পারছিলেন না তারা।

প্রথমে জরুরি সেবা নম্বরে ফোন করা কিংবা ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কথা ভাবেন ওই তিন কর্মী। কিন্তু পরে সাহায্য পাওয়ার জন্য ব্যতিক্রমী একটি উপায় বের করেন তারা। খাবার সরবরাহের অ্যাপে কফি অর্ডার করলে একজন ডেলিভারিকর্মী ভবনে আসবেন—এমনটাই ভেবেছিলেন তারা। সেই সুযোগ কাজে লাগিয়েই দরজা খোলার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, চার কাপ কফি অর্ডার করেন তারা। অর্ডারের সঙ্গে বিশেষ নির্দেশনায় লিখে দেন, ‘আমরা বারান্দায় আটকে আছি। দয়া করে দরজাটা খুলে দিতে পারবেন?’

কিছুক্ষণ পর কফি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় হাজির হন ডেলিভারিকর্মী। অর্ডারের সঙ্গে দেওয়া বিশেষ বার্তাটি পড়ে তিনি পরিস্থিতি বুঝতে পারেন। এরপর আটকে পড়া কর্মীদের ঘরের দরজা খুলে দেন। এভাবেই শেষ পর্যন্ত মুক্তি পান তিন রংমিস্ত্রি।

সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানাতে অর্ডার করা চার কাপ কফির একটি ডেলিভারিকর্মীকে উপহার দেন তারা। ঘটনাটির একটি ছবি ও বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়।

অনেকে বিপদে পড়ে তিন কর্মীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজা করে বলেছেন, কফির অর্ডার কাজে না এলে হয়তো অন্য কিছু অর্ডার করার কথা ভাবতেন তারা!

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে