×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা

২০২৬ নভেম্বর ১৭ ০৮:৩২:২২
নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও চড়া দামের এলএনজি আমদানির চাপের মাঝে আশার আলো দেখাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার ছোট ইনানী এলাকা। নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উঠে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা তিন সপ্তাহ ধরে একই চাপে জ্বলতে থাকায় সেখানে বড় গ্যাস মজুদের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই মজুদ বাণিজ্যিকভাবে প্রমাণিত হলে ইনানীই হতে পারে বাংলাদেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

গত ২৭ অক্টোবর সকালে উখিয়ার ছোট ইনানী এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর সময় মাত্র ১ হাজার ফুট গভীরে পাইপ পৌঁছাতেই তীব্র চাপে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। স্থানীয়রা পরীক্ষা করার জন্য আগুন জ্বালালে দাউ দাউ করে আগুনের শিখা জ্বলে ওঠে। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এক মুহূর্তের জন্যও আগুন নেভেনি; বরং একই চাপ ও প্রবাহে জ্বলছে।

১৫ দিনের নিবিড় পর্যবেক্ষণ শেষে ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি ও পাইপ নিয়ে ঘটনাস্থলে নেমেছে রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা বাপেক্সের কারিগরি দল। নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশে সাধারণত দেড় থেকে ৫ কিলোমিটার গভীরে গ্যাস পাওয়া যায়। ইনানীতে মাত্র ১ হাজার ফুট গভীরে গ্যাসের সন্ধান পাওয়ায় প্রাথমিকভাবে পেট্রোবাংলা ও বাপেক্স একে অগভীর স্তরের মজুদ হিসেবে ধারণা করছিল।

তবে বিশেষজ্ঞদের মতে, টানা তিন সপ্তাহ ধরে একই চাপ ও প্রবাহে আগুন জ্বলতে থাকা কোনো ছোট গ্যাস পকেট নয়, বরং বড় মজুদেরই জোরালো ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে আশাজাগানিয়া বিষয় হলো ঘটনাস্থলটি ইনানী সমুদ্রসৈকতের ঠিক পাশেই। ফলে বিশ্লেষকরা ধারণা করছেন, ইনানীর উপকূল থেকে বঙ্গোপসাগরের তলদেশে বিস্তৃত মহীসোপান অংশে গ্যাসের এক বিশাল ভান্ডার লুকিয়ে থাকতে পারে।

দেশে এ পর্যন্ত আবিষ্কৃত ৩০টি গ্যাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি উৎপাদনে রয়েছে। বাপেক্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের পর পরিকল্পিত রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টু-ডি সিসমিক সার্ভে) চালানো হবে। এসব পরীক্ষা শেষে ইনানীর মজুদ বাণিজ্যিকভাবে প্রমাণিত হলে এটিই হবে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

সম্প্রতি নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনার পর ইনানীর এই ঘটনা দেশের জ্বালানি খাতে নতুন প্রাণের সঞ্চার করছে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইনানীর এই প্রাকৃতিক সম্পদ নতুন আশীর্বাদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে