×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি

২০২৬ নভেম্বর ১৬ ১৭:৪০:১০
ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ৬১ বাংলাদেশি যাত্রীর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী সাত দিনের মধ্যে ঘটনার কারণ জানাতে সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তফিকুল ইসলাম।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নিবন্ধিত বেসরকারি ওমরাহ এজেন্সি সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে মোট ৯৪ জন বাংলাদেশি ওমরাহযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছিল। তাঁদের মধ্যে ৬১ জন সৌদি আরবে যাওয়ার পর নিরুদ্দেশ হয়েছেন বলে মন্ত্রণালয়ের কাছে তথ্য রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আত্মগোপন করা এবং অবৈধভাবে বসবাস করা দেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের কর্মকাণ্ড হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২-এর পরিপন্থী।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওমরাহর উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে পলায়ন একটি দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী নিবন্ধিত এজেন্সিগুলো নির্ধারিত শর্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।

এ অবস্থায় সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বিরুদ্ধে আইন ও বিধিমালা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ঘটনার কারণ ও এ বিষয়ে এজেন্সির বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির ব্যাখ্যা পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে মন্ত্রণালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে