×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ

২০২৬ নভেম্বর ১৪ ১৬:৩৯:০১
মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের মাত্র আট মাসের মাথায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিতর্কিত আইন সংশোধন এবং সমালোচকদের ওপর চাপের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার ফুয়াদ। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর এক আলোচনা সভায় তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে এবং ‘আওয়ামীপনা’ আচরণ অব্যাহত থাকলে বিএনপিকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বক্তব্যের শুরুতে দেশের গত পাঁচ দশকের রাজনীতিকে ‘তৃতীয় শ্রেণীর টম অ্যান্ড জেরির রাজনীতি’ আখ্যা দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জাতি বর্তমানে ‘হিস্টরিক্যাল অ্যামনেশিয়া’ (ঐতিহাসিক স্মৃতিভ্রংশ) ও ‘স্টকহোম সিনড্রোম’-এ ভুগছে। গণভবন, বঙ্গভবন ও সংসদ দেখলেই শাসকদের মাথা খারাপ হয়ে যায়। অতীতে হাসিনা যেমন ৩০০ আসন পেয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন, তেমনি বর্তমান সরকার ২১২ আসন পেয়েই সেই একই রোগে আক্রান্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, একই ভুল বারবার করলে একই গর্তে পড়তে হবে এবং একই ভোগান্তি পোহাতে হবে।

চিফ হুইপ ‘মনি ’-এর সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, তিনি কবিতা লিখে মাত্র আট মাসের মধ্যেই ‘মমতাজের পুরুষ ভার্সনে’ পরিণত হয়েছেন এবং তারেক রহমানের স্তুতি শুরু করেছেন। পাশাপাশি তারেক রহমানের সমালোচনা করলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, "তারেক রহমানের সমালোচনা কেন করা যাবে না? উনি কি নবীর অংশ নাকি?"

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালের জানুয়ারিতে আওয়ামী আইনজীবীরা পলাতক আসামি দেখিয়ে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এনেছিলেন এবং তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। অথচ আজ তাঁর সরকারই একই পথে হাঁটছে। বিএনপির নেতাকর্মীরা এখন বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানেও সমালোচকদের সরকারের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করছেন—যা সরাসরি ‘আওয়ামীপনা’ বলে মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশি-বিদেশি অংশীজন ও রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরামর্শের ভিত্তিতে পাস হওয়া আইনগুলোকে বর্তমান সরকার উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে ত্রুটিপূর্ণ (ডিফেক্টিভ) করছে। এ প্রসঙ্গে তিনি বর্তমান আইনমন্ত্রীকে (যিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে ওই পরামর্শ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন) উদ্দেশ্য করে বলেন, সেটেল্ড হওয়া আইনগুলো কেন নতুন করে খোলা হলো?

তিনি উল্লেখ করেন: গুম ও খুনের আইন এবং মানবাধিকার কমিশন আইনকে দুর্বল বা ত্রুটিপূর্ণ করা হয়েছে। তারেক রহমান র‍্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিলেও তা করা হয়নি। সাইবার প্রোটেকশন আইনের মাধ্যমে নতুন নাটক শুরু করা হয়েছে।

তাঁর হুঁশিয়ারি, এই চারটি ত্রুটিপূর্ণ আইনের মারাত্মক পরিণতি ভবিষ্যতে বিএনপির ঘাড়েই সবচেয়ে বেশি পড়বে; যেমনটি আওয়ামী লীগ নিজের তৈরি আইনেই ফেঁসে গিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।সমালোচক ও সাবেক উপদেষ্টাদের হয়রানির অভিযোগ

বিচারের পক্ষে ও গুম-খুনের বিরুদ্ধে কথা বলায় সরকার গঠনের আট মাসের মাথায় তাঁকেও আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে তলব করা হয়েছে বলে জানান ব্যারিস্টার ফুয়াদ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এরপর দুদক, বিএফআইইউ (BFIU) এবং এনবিআরের মাধ্যমে হয়রানি শুরু হবে।

ইতিমধ্যে সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আসিফের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে দুদক রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি করেছে এবং বাংলাদেশ ব্যাংক সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে। এ ছাড়া মানবাধিকার সংগঠনের তথ্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, দেশে গড়ে প্রতি সপ্তাহে এক থেকে দুটি গ্রেপ্তারের ঘটনা ঘটছে; পাশাপাশি বুলডোজার বাহিনী নামিয়ে স্থাপনা ভাঙা, জমি দখল, চাঁদাবাজি এবং বিচার বিভাগে ব্যাপক দুর্নীতি চলছে।‘তোফায়েল আহমেদ সিনড্রোম’ ও এস্টাবলিশমেন্টের ফাঁদ

ডিজিটাল নিরাপত্তা আইন পাসের সময় তোফায়েল আহমেদের দম্ভোক্তির সঙ্গে তুলনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপির এমপি-মন্ত্রীদের মধ্যেও এখন সেই ‘তোফায়েল আহমেদ সিনড্রোম’ ঢুকে পড়েছে। তারা বলছেন ২০ বছর ধরে গোল দিয়েছেন; কিন্তু বাস্তবতা হলো সেই বল গোলপোস্টে ঢোকেনি।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, "আওয়ামী ফ্যাসিবাদ হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও আপনাদের সেই সক্ষমতা বা ক্যাপাসিটি নেই। বাংলাদেশের ক্ষমতার ভরকেন্দ্র বা এস্টাবলিশমেন্ট কখনোই বিএনপি-জামায়াতকে হাসিনার মতো মনস্টার হতে দেবে না। তারা এখন কেবল গোখরা সাপের মতো দুধ খাচ্ছে, সময়মতো ঠিকই লাথি দিয়ে দেবে।" বিএনপির সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, গত ২০ বছর ধরে যারা তাদের মিত্র হিসেবে লড়াই করেছে—সেই সিভিল সোসাইটি ও রাজনৈতিক ব্যক্তিদের তারা এখন শত্রুতে পরিণত করছে।

বক্তব্যের শেষে ব্যারিস্টার ফুয়াদ মনে করিয়ে দেন, বিএনপি ৩১ দফা, ভিশন-২০৩০, নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ এবং গণভোটের (পপুলার রেফারেন্ডাম) প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ। ‘দেশে আওয়ামী লীগ নেই, জামায়াত ছোট দল, মানুষ আর কাকে ভোট দেবে’—এমন ভ্রান্ত শ্রেষ্ঠত্ববোধ (ফলস সুপিরিয়রিটি কমপ্লেক্স) থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "হাসিনাও একসময় বলতেন ‘বিকল্প কে?’। ২০২৪ সালে তরুণেরা লিখে দিয়েছিল—‘তুমি, আমি, আমরা বিকল্প’। ২০ কোটি মানুষের এই দেশে বাতাসের অক্সিজেনের মতোই রাজনীতির বিকল্প অক্সিজেন সব সময়ই রয়েছে।"

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে