×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়

২০২৬ নভেম্বর ১৩ ১১:৫৬:০০
বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পে-ফিক্সেশনের কারণে সরকারি কর্মচারীরা শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। একবার এ ভাতা উত্তোলনের পর পরবর্তী সময়ে বেতন পুনর্নির্ধারণের কারণে মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে নতুন করে অতিরিক্ত অর্থ দাবি করার সুযোগ থাকবে না।

এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশ করা হয়।

অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে স্বাক্ষর করেছেন।

প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল চালুর সময়সীমা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর থাকবে।

যেভাবে হিসাব হবে শ্রান্তি ও বিনোদন ভাতা

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এ নীতিমালা বহাল রাখা হয়েছে। অর্থাৎ, কোনো কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার সময় বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, সেই পরিমাণ অর্থই তাঁর ভাতা হিসেবে নির্ধারিত হবে।

গেজেটে স্পষ্ট করা হয়েছে, নতুন পে স্কেলের অধীনে ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন এবং পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে নির্ধারিত বেতনের ভিত্তিতে আগের শ্রান্তি ও বিনোদন ভাতা পুনর্নির্ধারণ করা হবে না।

পে-ফিক্সেশনে বেতন বাড়লেও মিলবে না বকেয়া

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী শ্রান্তি ও বিনোদন ভাতা একবার উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তাঁর মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।

অর্থাৎ, ভাতা উত্তোলনের সময় যে মূল বেতন কার্যকর ছিল, তার ভিত্তিতেই ওই ভাতার হিসাব চূড়ান্ত হবে। পরবর্তী সময়ে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ হলেও আগের ভাতার ক্ষেত্রে নতুন করে হিসাব করার সুযোগ থাকবে না।

গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন পে স্কেল বাস্তবায়নের সময় সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে