×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ

২০২৬ নভেম্বর ১২ ০৮:১৭:১৪
এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাতেই নিজের ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি দাবি করেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এনসিপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া বাড়িতে থাকা দুটি ছাগলও আগুনে মারা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে