×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী

২০২৬ নভেম্বর ০১ ১৯:০৩:৫৩
নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী। তাঁদেরও নতুন পে স্কেল কার্যকরের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে কবে থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা দেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর আওতায় আনার বিষয়টি নিশ্চিত করেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কার্যকর হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। মন্ত্রীর বক্তব্যে সেই অপেক্ষার অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এরই মধ্যে সরকারি কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বর্ধিত বেতনও পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিও বা মান্থলি পে অর্ডার ব্যবস্থায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতভাগ সরকার অনুদান হিসেবে দিয়ে থাকে। এর পাশাপাশি নির্ধারিত চিকিৎসা ভাতাসহ অন্যান্য কিছু সুবিধাও দেওয়া হয়। গত বছর তাঁদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এর আগে তাঁরা মাসে নির্দিষ্ট এক হাজার টাকা বাড়িভাড়া পেতেন। নতুন পে স্কেল কার্যকর হলে মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতাও বাড়বে। তবে প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া শিক্ষক-কর্মচারীদের বাইরে অধিকাংশই সরকারি অনুদানের ওপর নির্ভরশীল।

নতুন জাতীয় বেতনকাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও তাঁদের বর্তমান পদ ও গ্রেড অনুযায়ী নতুন কাঠামোতে বেতন পাবেন। যেমন, বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকদের মতো নবম গ্রেড অনুযায়ী মূল বেতন পাবেন।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। ২০২৭ সালের মধ্যে তিন ধাপে মূল বেতন কার্যকরের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার কথা রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা বাস্তবায়ন সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। ফলে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এখন অপেক্ষা, কবে থেকে তাঁদের বর্ধিত বেতন-ভাতা কার্যকর হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে