×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা

২০২৬ নভেম্বর ০১ ১৫:০০:০৭
তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা

নিজস্ব প্রতিবেদক: বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় জেরিকা তাসনীম দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ, তাঁর বন্ধু দীপ এবং দিশা একসঙ্গে গিয়েছিলেন। ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে তাঁদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ, দীপ ও দিশাকে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়। তাঁরা মোটরসাইকেলে সেখানে পৌঁছান। পরে আরেকটি মোটরসাইকেলে দীপ সেখানে আসেন বলে ফুটেজের বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এরপর তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।

রেস্টুরেন্টের আরেকটি ক্যামেরার ফুটেজে তাহসিফ ও দিশাকে লিফটের সামনে অপেক্ষা করতে দেখা যায়। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন।

প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

তদন্তকারীরা এখন জানতে চাইছেন, রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাহসিফ, দীপ ও দিশা কোথায় গিয়েছিলেন এবং এরপর কী ঘটেছিল। তাঁদের চলাচল ও যোগাযোগের তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আলামতও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পর তাঁর বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাঁর দেওয়া বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থান পরিদর্শন করেন তদন্তকারীরা।

নৌ পুলিশের সূত্র জানায়, দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া অন্যান্য আলামত মিলিয়ে ঘটনাটি অনুসন্ধান করা হচ্ছে।

তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল, কারা তাঁর সঙ্গে ছিলেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

তবে দিশার গ্রেপ্তার বা সিসিটিভি ফুটেজে তাঁর উপস্থিতি থেকে তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা প্রমাণিত হয় না। তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারিত হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে